বাংলাদেশে সবচেয়ে বেশি বিক্রিত রাউটার কোনটি
তথ্যপ্রযুক্তি ডেস্ক: দেশের বাজারে সবচেয়ে বেশি বিক্রিত রাউটার ব্র্যান্ড হিসেবে নতুন এক অভাবনীয় মাইলফলক ছুঁয়েছে বৈশ্বিক নেটওয়ার্কিং জায়ান্ট ‘টিপি-লিংক’ (TP-Link)। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে, বাংলাদেশে তাদের রাউটার বিক্রির মোট সংখ্যা ৩ কোটির (৩০ মিলিয়ন) বিশাল সীমা অতিক্রম করেছে, যা দেশের বাজারে যেকোনো একক রাউটার ব্র্যান্ডের জন্য সর্বোচ্চ বিক্রির রেকর্ড।
গতকাল রবিবার রাজধানীর একটি অভিজাত রিসোর্টে আয়োজিত ‘এক্সপার্ট মিটআপ ও ক্যাম্পেইন লঞ্চিং’ অনুষ্ঠানে এই গৌরবময় অর্জনের তথ্য প্রকাশ করা হয়। জমকালো এই অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশে টিপি-লিংকের দীর্ঘদিনের অন্যতম প্রধান পরিবেশক প্রতিষ্ঠান ‘এক্সেল টেকনোলজিস লিমিটেড’।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিপি-লিংক প্রাইভেট লিমিটেড (সার্ক)-এর ব্যবস্থাপনা পরিচালক লিন ওয়াং। তিনি তাঁর বক্তব্যে বাংলাদেশের গ্রাহকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, "বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের প্রতিটি মানুষের দোরগোড়ায় নির্ভরযোগ্য, সাশ্রয়ী ও দ্রুতগতির ইন্টারনেট কানেক্টিভিটি পৌঁছে দিতে টিপি-লিংক নিরলসভাবে কাজ করছে। ৩ কোটি রাউটার বিক্রির এই ল্যান্ডমার্ক অর্জন দেশের বাজারে আমাদের ব্র্যান্ডের প্রতি গ্রাহকদের অগাধ আস্থারই প্রমাণ, যা আমাদের ভবিষ্যৎ দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে।"
অনুষ্ঠানে টিপি-লিংকের স্থানীয় ব্যবসায়িক অংশীদারদের পক্ষ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রস্তাব ও সম্ভাবনার কথা তুলে ধরা হয়। বাংলাদেশে টিপি-লিংকের বিশাল মার্কেট শেয়ার ও বিপুল ব্যবসায়িক ভলিউম বিবেচনা করে দেশে একটি নিজস্ব রাউটার উৎপাদন ও সংযোজন কারখানা (Manufacturing Plant) স্থাপনের যৌক্তিকতা তুলে ধরেন এক্সেল টেকনোলজিস লিমিটেডের নির্বাহী পরিচালক টিপু সুলতান।
তিনি জানান, উৎপাদন কার্যক্রম শুরু করা টিপি-লিংক এবং বাংলাদেশ উভয়ের জন্যই অত্যন্ত লাভজনক হবে। তবে এ জন্য সরকারের বিশেষ সহযোগিতা ও ইলেকট্রনিক্স উৎপাদনবান্ধব নীতিমালার প্রয়োজন রয়েছে। তিনি আরও প্রকাশ করেন যে, টিপি-লিংকের ব্যবস্থাপনা পরিচালক লিন ওয়াং সম্প্রতি বাংলাদেশ সফরকালে স্থানীয়ভাবে উৎপাদন কার্যক্রম শুরু করার বিভিন্ন কারিগরি ও অর্থনৈতিক দিক নিবিড়ভাবে পর্যালোচনা করেছেন। সরকারের পক্ষ থেকে অনুকূল পরিবেশ ও শুল্ক সুবিধা পেলে দেশে খুব দ্রুতই টিপি-লিংকের রাউটার উৎপাদন শুরু করা সম্ভব।
আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে গ্রাহকদের জন্য ‘১ গোল ১ নেটওয়ার্ক’ (1 Goal 1 Network) নামে একটি বিশেষ আকর্ষনীয় ক্যাম্পেইন ও অফার চালু করেছে টিপি-লিংক। এক্সেল টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গৌতম সাহা বলেন, "গ্রাহক এবং আমাদের খুচরা ব্যবসায়িক পার্টনারদের আস্থাই টিপি-লিংকের এই দীর্ঘ পথচলার মূল চালিকাশক্তি।"
অনুষ্ঠানে রাউটারের পাশাপাশি টিপি-লিংকের অন্যান্য প্রিমিয়াম সাব-ব্র্যান্ড ও অত্যাধুনিক আইসিটি পণ্যসামগ্রী প্রদর্শন করা হয়। যার মধ্যে রয়েছে— করপোরেট ও বড় প্রতিষ্ঠানের জন্য এন্টারপ্রাইজ নেটওয়ার্কিং সলিউশন ‘ওমাদা’ (Omada), কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক (AI) আধুনিক নিরাপত্তা ক্যামেরা ব্র্যান্ড ‘ভিজি’ (Vigi), স্মার্ট হোম ডিভাইস ও ইকোসিস্টেম পণ্য ‘ট্যাপো’ (Tapo) এবং বাজেট ফ্রেন্ডলি হোম নেটওয়ার্কিং ব্র্যান্ড ‘মার্কোসিস’ (Mercusys)।
|