ঢাকার প্রথম পাঠাগার: ১৫৬ বছরের ইতিহাস এখন কেবলই স্মৃতির ভার

প্রকাশ: মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০১:০২ অপরাহ্ণ
ঢাকার প্রথম পাঠাগার: ১৫৬ বছরের ইতিহাস এখন কেবলই স্মৃতির ভার

ইব্রাহীম খলিল: বুড়িগঙ্গার তীরে পুরান ঢাকার অলিগলিতে মিশে আছে ব্রিটিশ আমলের অসংখ্য ইতিহাস। সেই ইতিহাসেরই এক জরাজীর্ণ সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে পুরান ঢাকার ব্রাহ্ম সমাজ মন্দির সংলগ্ন রাজা রামমোহন রায় লাইব্রেরি। বাংলার নবজাগরণের অগ্রদূত রাজা রামমোহন রায়ের স্মৃতিধন্য এই পাঠাগারটি ১৫৬ বছর পেরিয়ে আজ কেবলই স্মৃতির ভার বয়ে বেড়াচ্ছে।

ঐতিহাসিকদের মতে, এটিই ঢাকার প্রথম পাবলিক লাইব্রেরি বা পাঠাগার। ১৮৭১ সালে প্রতিষ্ঠিত এই লাইব্রেরিটি এক সময় জ্ঞানপিপাসু মানুষের মিলনমেলায় পরিণত হয়েছিল। ব্রাহ্ম সমাজের আন্দোলনের সঙ্গে যুক্ত মনীষীরা এখানে আসতেন, চলত সাহিত্য ও সমাজ সংস্কারের আলোচনা।

ইতিহাসের প্রেক্ষাপট: বাংলার রেনেসাঁ বা নবজাগরণের প্রধান পুরুষ রাজা রামমোহন রায়ের আদর্শকে ধারণ করে এই গ্রন্থাগারটি প্রতিষ্ঠিত হয়। ঢাকার ব্রাহ্ম সমাজের প্রাণপুরুষদের উদ্যোগে গড়ে ওঠা এই পাঠাগারটি ছিল তৎকালিন পূর্ববঙ্গের শিক্ষা ও সংস্কৃতি চর্চার অন্যতম কেন্দ্রবিন্দু। ব্রাহ্ম সমাজের মন্দিরের ঠিক পাশেই এর অবস্থান হওয়ায় এটি ধর্মীয় ও সামাজিক সংস্কারের একটি শক্তিশালী দালিলিক আধার হিসেবে কাজ করত।

বর্তমান অবস্থা: দেড়শ বছরেরও বেশি প্রাচীন এই পাঠাগারটি এখন ধ্বংসের দ্বারপ্রান্তে। অযত্ন আর অবহেলায় এর মূল্যবান বইপত্র ও আসবাবপত্র নষ্ট হতে বসেছে। পুরান ঢাকার ভিড় আর ঘিঞ্জি পরিবেশের আড়ালে হারিয়ে যেতে বসা এই স্থাপত্যটি সংস্কারের অভাবে শ্রীহীন হয়ে পড়েছে। ইতিহাস সচেতন মানুষরা মনে করেন, ঢাকার প্রথম পাঠাগার হিসেবে এই স্থাপনাটি সংরক্ষণ করা জরুরি, যাতে পরবর্তী প্রজন্ম আমাদের সাংস্কৃতিক সমৃদ্ধির ইতিহাস জানতে পারে।

পুরান ঢাকার ঐতিহ্যের অংশ হিসেবে এই ১৫৬ বছরের পুরনো পাঠাগারটি রক্ষায় সরকারি ও বেসরকারি উদ্যোগ এখন সময়ের দাবি।

জান্নাত/সকালবেলা