চলে গেলেন বিশিষ্ট অভিনেতা আতাউর রহমান

প্রকাশ: মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০২:৪২ অপরাহ্ণ
চলে গেলেন বিশিষ্ট অভিনেতা আতাউর রহমান

বাংলাদেশের মঞ্চনাটক আন্দোলনের অন্যতম পথিকৃৎ, একুশে ও স্বাধীনতা পদকপ্রাপ্ত বিশিষ্ট অভিনেতা ও নির্দেশক আতাউর রহমান আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে রাজধানীর ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আতাউর রহমানের পরিবার সূত্রে জানা গেছে, গত ১ মে বাসায় পড়ে গিয়ে তিনি গুরুতর আহত হন। এরপর থেকে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। প্রথমে তাকে পান্থপথের একটি হাসপাতালে এবং পরবর্তীতে ধানমন্ডির একটি হাসপাতালে ভর্তি করা হয়। গত ১০ মে (রবিবার) তার অবস্থার চরম অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ তার মৃত্যু হয়।

আতাউর রহমানের জন্ম ১৯৪১ সালের ১৮ জুন নোয়াখালীতে। বাংলাদেশের নাট্যাঙ্গনে তিনি ‘মঞ্চ সারথি’ হিসেবে পরিচিত ছিলেন। স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশে মঞ্চনাটক চর্চাকে জনপ্রিয় ও সুসংগঠিত করতে তিনি অগ্রগণ্য ভূমিকা পালন করেন। একাধারে নাট্যকার, অভিনেতা, নির্দেশক ও লেখক হিসেবে তার অবদান অনস্বীকার্য।

 শিল্প ও সংস্কৃতিতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার তাকে রাষ্ট্রের সর্বোচ্চ সম্মান স্বাধীনতা পদক এবং একুশে পদক -এ ভূষিত করে। তার প্রয়াণে দেশের সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

জান্নাত/সকালবেলা