রুনা লায়লা ও বাপ্পা মজুমদারের নতুন গান ‘অনায়াসে

প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ণ
রুনা লায়লা ও বাপ্পা মজুমদারের নতুন গান ‘অনায়াসে
বিনোদন ডেস্ক: বাংলা সংগীতজগতের জীবন্ত কিংবদন্তি শিল্পী রুনা লায়লা ও দেশের অন্যতম জনপ্রিয় গায়ক, সুরকার বাপ্পা মজুমদারের যৌথ কণ্ঠের নতুন গান ‘অনায়াসে’ প্রকাশ পেয়েছে। সম্পূর্ণ নতুন আঙ্গিকের এই মেলোডিয়াস বাংলা গজলধর্মী গানটি গত শনিবার (১৬ মে) থেকে বাপ্পা মজুমদারের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে একযোগে শুনতে পাচ্ছেন শ্রোতারা।

গানটি মূলত বাপ্পা মজুমদারের আসন্ন ‘অনুভব’ অ্যালবামের প্রথম গান (লিড ট্র্যাক) হিসেবে রিলিজ করা হয়েছে। এই বিশেষ গানের পেছনের চমৎকার গল্পটি শেয়ার করে বাপ্পা মজুমদার বলেন, গানটি প্রথমে রুনা লায়লার একক কণ্ঠের (সোলো) জন্যই তৈরি করা হয়েছিল। তবে রেকর্ডিংয়ের আগে গানের চমৎকার কথা ও সুর পছন্দ হওয়ার পর রুনা লায়লা নিজেই এটিকে দ্বৈত গান হিসেবে গাওয়ার আকস্মিক প্রস্তাব দেন। তিনি বাপ্পাকে বলেন, ‘তুমি বরং আমার সঙ্গে গাও, গানটি ডুয়েট হোক।’ কিংবদন্তি শিল্পীর এমন প্রস্তাবে রাজি হতে একটুও সময় নেননি বাপ্পা।

এরপরই স্টুডিওতে গানটিতে যৌথভাবে কণ্ঠ দেন এই দুই গুণী শিল্পী। দেশের সংগীত ইতিহাসের এই প্রবাদপ্রতিম শিল্পীর সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বাপ্পা মজুমদার বলেন, ‘রুনা লায়লা ম্যাম স্বভাবসুলভভাবেই দুর্দান্ত গেয়েছেন। উনি কণ্ঠ দেওয়ায় গানটির আবেদন এক অন্য রকম উচ্চতায় পৌঁছে গেছে। উনার মতো এত বড় মাপের একজন অভিভাবক ও শিল্পীর সঙ্গে একই গানে কণ্ঠ দিতে পারা নিঃসন্দেহে আমার ক্যারিয়ারের বিশাল প্রাপ্তি এবং আমার জীবনের এক অসাধারণ রোমাঞ্চকর অভিজ্ঞতা। আশা করি, শুদ্ধ বাংলা গানের শ্রোতাদের এই গানটি অনেক ভালো লাগবে।’

সুরকার ও গায়ক বাপ্পা মজুমদার আরও জানিয়েছেন, তাঁর স্বপ্নের ‘অনুভব’ অ্যালবামে মোট ১০টি বৈচিত্র্যময় গান রয়েছে। এই অ্যালবামে রুনা লায়লার আরও একটি একক গান থাকবে। রুনা লায়লা ও বাপ্পা মজুমদার ছাড়াও এই অ্যালবামের বাকি গানগুলোতে কণ্ঠ দিয়েছেন তানভীর আলম সজীব, কোনাল, টিনা রাসেল, প্রিয়াঙ্কা গোপ, আনিলা নাজ চৌধুরী ও কলকাতার জনপ্রিয় শিল্পী রাঘব চ্যাটার্জী।

পুরো অ্যালবামটি প্রকাশের দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে বাপ্পা বলেন, শ্রোতাদের গান শোনার আধুনিক অভ্যাসের কথা মাথায় রেখে প্রথমে প্রতিটি গান এককভাবে (সিঙ্গেলস) ভিডিওসহ প্রকাশ করা হবে। পরবর্তীতে চলতি বছরের আগস্টের মধ্যে পুরো অ্যালবামটি আনুষ্ঠানিকভাবে একসঙ্গে বাজারে ও ডিজিটাল প্ল্যাটফর্মে রিলিজ করা হবে।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন