বিকেলে দেশে ফিরছে কারিনার মরদেহ, ৪ জানাজা শেষে দাফন

প্রকাশ: রবিবার, ১৭ মে ২০২৬, ১২:৩০ অপরাহ্ণ
বিকেলে দেশে ফিরছে কারিনার মরদেহ, ৪ জানাজা শেষে দাফন

বিনোদন ডেস্ক: ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় প্রয়াত জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের মরদেহ আজ রোববার (১৭ মে) বিকেলে দেশে ফিরছে। লিভার–সংক্রান্ত জটিলতায় গত শুক্রবার (১৫ মে) রাতে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।

উন্নত চিকিৎসার জন্য গত সোমবার রাতে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে চেন্নাইয়ের ভেলোর খ্রিস্টান মেডিকেল কলেজ (সিএমসি) হাসপাতালে নেওয়া হয়েছিল।

প্রথম জানাজা বিমানবন্দর থেকে মরদেহ বনানী ডিওএইচএসে নেওয়া হবে। সেখানে কেন্দ্রীয় মসজিদে বাদ মাগরিব প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জানাজা এশার নামাজের আগে বনানী দরবার শরিফ মসজিদে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। তৃতীয় জানাজা রাত ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে। চতুর্থ জানাজা ও দাফন শহীদ মিনার থেকে মরদেহ নেওয়া হবে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার আবদুল্লাহপুর গ্রামে। সেখানে চতুর্থ জানাজা শেষে তাঁর মায়ের দেওয়া মসজিদের জমির পাশেই তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হবে।

প্রথমে সাধারণ জ্বরে আক্রান্ত হলেও পরবর্তীতে শরীরে সংক্রমণ এবং হেপাটাইটিস এ ও ই–জনিত জটিলতায় কারিনা কায়সারের লিভার ফেইলিউর দেখা দেয়। অবস্থার অবনতি হলে তাঁকে আইসিইউ এবং পরবর্তীতে লাইফ সাপোর্টে রাখা হয়। চেন্নাইয়ে ফুসফুসের চিকিৎসার পাশাপাশি লিভার ট্রান্সপ্লান্টের (যকৃত প্রতিস্থাপন) প্রস্তুতিও চলছিল। তবে চিকিৎসাধীন অবস্থায় হঠাৎ রক্তচাপ মারাত্মকভাবে কমে গেলে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ হয়।

১৯৯৪ সালের ১১ নভেম্বর জন্মগ্রহণ করা কারিনা কায়সারের বয়স হয়েছিল মাত্র ৩১ বছর। কনটেন্ট ক্রিয়েটর হিসেবে বিপুল জনপ্রিয়তা পাওয়ার পাশাপাশি তিনি অভিনয় ও চিত্রনাট্য লেখার কাজেও যুক্ত ছিলেন। তাঁর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ওটিটি প্ল্যাটফর্মের জনপ্রিয় কনটেন্ট ‘ইন্টার্নশিপ’ ও ‘৩৬-২৪-৩৬’। দেশের বরেণ্য দাবাড়ু রানী হামিদ তাঁর দাদি। তাঁর এই অকালমৃত্যুতে বিনোদন অঙ্গনসহ সামাজিক যোগাযোগমাধ্যমে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

মন্তব্য করুন