আমপাতা জোড়া জোড়া’ নিয়ে এলেন কনা

প্রকাশ: রবিবার, ১৭ মে ২০২৬, ১২:৩৬ অপরাহ্ণ
আমপাতা জোড়া জোড়া’ নিয়ে এলেন কনা

বিনোদন ডেস্ক: দেশের জনপ্রিয় সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা ঈদুল আজহার আমেজ সামনে রেখে শ্রোতাদের জন্য নতুন একটি উৎসবমুখর গান উপহার দিয়েছেন। ইউটিউবে মুক্তি পেয়েছে তাঁর নতুন ডুয়েট গান ‘আমপাতা জোড়া জোড়া’।

আমপাতা জোড়া জোড়া, তুই আর আমি সবচেয়ে সেরা’— এমন মিষ্টি ও চটুল কথার গানটি লিখেছেন তরুণ গীতিকার স্নেহাশীষ ঘোষ। কনার সঙ্গে এই গানটিতে সহ-কণ্ঠশিল্পী হিসেবে গেয়েছেন সৈয়দ অমি। গানটির সুর করার পাশাপাশি এর মিউজিক ভিডিওর নির্দেশনা ও প্রযোজনা করেছেন সৈয়দ অমি নিজেই। অন্যদিকে গানটির চমৎকার সংগীত আয়োজন করেছেন কলকাতার মিউজিক কম্পোজার কেডি।

ড্যান্স বিটের এই গানটির মিউজিক ভিডিওটি বেশ বড় পরিসরে এবং দৃষ্টিনন্দনভাবে নির্মাণ করা হয়েছে। যুক্তরাজ্যের লন্ডনের বেশ কিছু বিখ্যাত লোকেশনে এর চিত্রগ্রহণ করা হয়েছে, যার ক্যামেরার দায়িত্বে ছিলেন আশিক মাহমুদ।

গীতিকার স্নেহাশীষ ঘোষ জানান, শ্রোতাদের একটি ধামাকা ড্যান্স ট্র্যাক উপহার দেওয়ার পরিকল্পনা থেকেই বেশ সময় নিয়ে গানটির ভয়েস রেকর্ডিং, মিক্স মাস্টারিং ও শুটিং সম্পন্ন করা হয়েছে।

সৈয়দ অমি জানান, আসন্ন ঈদ উৎসবকে মাথায় রেখেই প্রায় তিন মাস আগে গানটির মূল রেকর্ডিং করা হয়েছিল। তাঁর বিশ্বাস, বড় আয়োজনের এই গানটি অন্যান্য গানের মতোই শ্রোতাদের মন জয় করতে সমর্থ হবে।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন