দেশে পৌঁছেছে কারিনার মরদেহ
বিনোদন প্রতিবেদক: ভারতে চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করা তরুণ অভিনেত্রী ও জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের মরদেহ দেশে এসে পৌঁছেছে। আজ রবিবার (১৭ মে) বিকেলে ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইটে চেন্নাই থেকে তাঁর মরদেহ রাজধানী ঢাকায় আনা হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, এক অনন্য মানবিক উদ্যোগ হিসেবে সম্পূর্ণ বিনা খরচে কারিনা কায়সারের মরদেহ চেন্নাই থেকে দেশে আনার ব্যবস্থা করেছে ইউএস-বাংলা এয়ারলাইনস কর্তৃপক্ষ। প্রথমে অন্য একটি এয়ারলাইনসের মাধ্যমে মরদেহটি আনার চেষ্টা করা হলেও নানাবিধ জটিলতায় তা সম্ভব হয়নি। পরবর্তীতে ইউএস-বাংলা কর্তৃপক্ষ স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়।
পারিবারিক পরিকল্পনা অনুযায়ী, বিমানবন্দর থেকে কারিনার মরদেহ প্রথমে নেওয়া হবে রাজধানীর বনানী ডিওএইচএসে তাঁর নিজ বাসভবনে। এরপর রাতে বনানী ডিওএইচএস মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। কারিনার বাবা কায়সার হামিদ গণমাধ্যমকে জানিয়েছেন, সোমবার (১৮ মে) সকালে তাঁর মরদেহ নিয়ে যাওয়া হবে মুন্সিগঞ্জের গজারিয়ায় তাঁর নানার বাড়িতে। সেখানেই পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে এই তরুণ তারকাকে।
লিভারজনিত (যকৃৎ) তীব্র জটিলতায় গুরুতর অসুস্থ হয়ে পড়লে গত ১১ মে এয়ার অ্যাম্বুলেন্সে করে উন্নত চিকিৎসার জন্য কারিনাকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়েছিল। সেখানকার ভেলোরে অবস্থিত খ্রিষ্টান মেডিক্যাল কলেজ (সিএমসি) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার গভীর রাতে মৃত্যু হয় তাঁর। ভারতে নেওয়ার আগে ঢাকার একটি বেসরকারি হাসপাতালেও এক সপ্তাহের বেশি সময় ধরে চিকিৎসাধীন ছিলেন তিনি। সেখানে শারীরিক অবস্থার চরম অবনতি হলে তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।
ব্যক্তিজীবনে পড়াশোনায় বেশ মেধাবী ছিলেন কারিনা। ‘এ’ লেভেল শেষ করে উচ্চশিক্ষার জন্য অস্ট্রেলিয়ায় পড়তে যাওয়ার আগে তিনি দেশের একটি শীর্ষস্থানীয় গণমাধ্যমের ইংরেজি বিভাগে শিক্ষানবিশ হিসেবে কাজ করেছিলেন। পরবর্তীতে দেশে ফিরে জীবনঘনিষ্ঠ ও চমৎকার সব কনটেন্ট বানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিপুল জনপ্রিয়তা অর্জন করেন। কনটেন্ট ক্রিয়েশনের পাশাপাশি নাটক-ওটিটির অভিনয় ও চিত্রনাট্য রচনাতেও তিনি নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছিলেন। ওটিটি প্ল্যাটফর্মে তাঁর অভিনীত ও প্রশংসিত কাজের মধ্যে রয়েছে জনপ্রিয় সিরিজ ‘ইন্টার্নশিপ’ এবং সিনেমা ‘৩৬-২৪-৩৬’।
|