রবীন্দ্র সরোবরে ‘হাজারো কণ্ঠে বর্ষবরণ’
স্টাফ রিপোর্টার: বিগত বছরের ধারাবাহিকতায় এবারও ধানমণ্ডির রবীন্দ্র সরোবরে অনুষ্ঠিত হচ্ছে ‘হাজারো কণ্ঠে বর্ষবরণ’। চ্যানেল আই এবং সুরের ধারার যৌথ উদ্যোগে আজ পহেলা বৈশাখ ভোর ৫টা ৩০ মিনিট থেকে সকাল ৯টা পর্যন্ত বাংলা গানের সুর ও সংগীতের মূর্ছনায় বরণ করে নেওয়া হচ্ছে নতুন বছর ১৪৩৩-কে।
সুরের ধারার শিক্ষার্থীদের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শত শত শিল্পীর অংশগ্রহণে মুখরিত এই প্রাঙ্গণ। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করছেন বরেণ্য শিল্পী রফিকুল আলম, ফাহিম হোসেন চৌধুরী, কিরণ চন্দ্র রায় এবং বর্তমান প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী কোনাল ও লুইপাসহ অনেকে। আবৃত্তিতে রয়েছেন জয়ন্ত চট্টোপাধ্যায় এবং অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন দীপ্তি চৌধুরী।
এর আগে গতকাল বিকেলে একই স্থানে চৈত্র-সংক্রান্তির মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেখানে চন্দনা মজুমদার, বিজন চন্দ্র মিস্ত্রী ও প্রিয়াঙ্কা গোপসহ বিশিষ্ট শিল্পীদের পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। নাচ ও কবিতার ছন্দে বিদায় জানানো হয় পুরোনো বছরকে।
আজকের এই নববর্ষের আয়োজনে উপস্থিত আছেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজসহ দেশের শিল্প-সাহিত্য জগতের দিকপালরা। সমাপনী বক্তব্য দেবেন বরেণ্য শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ। সুরের মূর্ছনার পাশাপাশি রবীন্দ্র সরোবরে বসেছে বৈশাখী মেলা, যেখানে নাগরদোলা ও ঐতিহ্যবাহী মাটির খেলনাসহ দেশীয় নানা তৈজসপত্রের পসরা সাজানো হয়েছে। অনুষ্ঠানটির পৃষ্ঠপোষকতায় রয়েছে দেশীয় পানীয় ব্র্যান্ড মোজো।
জান্নাত/সকালবেলা