স্পেন সরকারের কাছ থেকে ৭৮৭ কোটি টাকা ফেরত পাচ্ছেন শাকিরা
আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির বরাত দিয়ে জানা যায়, ২০১১ সালে শাকিরা স্পেনে ১৮৩ দিনের বেশি সময় অবস্থান করেছিলেন বলে দেশটির কর বিভাগ দাবি করেছিল। স্পেনের কর আইন অনুযায়ী, কোনো বিদেশি নাগরিক বছরে ১৮৩ দিন বা তার বেশি সেখানে অবস্থান করলে তিনি কর আবাসিক বা ‘ট্যাক্স রেসিডেন্ট’ হিসেবে গণ্য হন। ওই দাবির ওপর ভিত্তি করেই ২০২১ সালে শাকিরার বিরুদ্ধে ব্যক্তিগত আয়কর ফাঁকির অভিযোগ এনে বিশাল অঙ্কের আর্থিক জরিমানা করা হয়েছিল।
তবে স্পেনের উচ্চ আদালত পুঙ্খানুপুঙ্খ তদন্ত শেষে রায়ে স্পষ্ট জানিয়েছে, ২০১১ সালে পপতারকা শাকিরা স্পেনে ১৮৩ দিন নন, বরং মাত্র ১৬৩ দিন অবস্থান করেছিলেন; যা কর আবাসিক হিসেবে গণ্য হওয়ার জন্য প্রয়োজনীয় আইনি সময়ের চেয়ে ২০ দিন কম। ফলে সে বছর তিনি স্পেনের কর আইনের অধীনে কোনোভাবেই ‘ট্যাক্স রেসিডেন্ট’ ছিলেন না এবং তাঁর বিরুদ্ধে কর বিভাগের নেওয়া পূর্ববর্তী সমস্ত পদক্ষেপ ভুল ও বেআইনি ছিল।
মাদ্রিদের আদালতের এই যুগান্তকারী রায়ের ফলে স্পেনের রাষ্ট্রীয় কোষাগারকে (ট্রেজারি) শাকিরার কাছ থেকে অন্যায়ভাবে আদায় করা আয়কর এবং জরিমানার পুরো অর্থ এখন সুদসহ ফেরত দিতে হবে। এই অর্থের মধ্যে মূল আয়কর বাবদ প্রায় ২৪ মিলিয়ন ইউরো এবং জরিমানা বাবদ প্রায় ২৫ মিলিয়ন ইউরো অন্তর্ভুক্ত রয়েছে। তবে স্পেনের কর বিভাগ এই রায়ের পর জানিয়েছে, তারা আদালতের এই সিদ্ধান্তের বিরুদ্ধে দেশটির সুপ্রিম কোর্টে আপিল করবে এবং চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই অর্থ ফেরত দেওয়া হবে না।
আদালতের এই জয়ে স্বস্তি প্রকাশ করে এক আবেগঘন বিবৃতিতে শাকিরা বলেন, "বিগত আট বছরেরও বেশি সময় ধরে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার সুনাম নষ্ট করার চেষ্টা করেছে। এই ন্যায়পরায়ণ রায়ের মাধ্যমে অবশেষে সত্য প্রতিষ্ঠিত হলো এবং আমি কলঙ্কমুক্ত হলাম।"
তবে আদালত রায়ে এটিও স্পষ্ট করেছে যে, এই আদেশটি শুধু ২০১১ সালের কর সংক্রান্ত মামলার জন্য প্রযোজ্য হবে। এর আগে ২০২৩ সালে ২০১২ থেকে ২০১৪ সালের কর ফাঁকির অন্য একটি মামলায় শাকিরা স্পেনের আদালতের সাথে সমঝোতায় পৌঁছেছিলেন। সে সময় তিনি বকেয়া কর, সুদ ও জরিমানাসহ মোট ১ কোটি ৭৫ লাখ ইউরো রাষ্ট্রকে পরিশোধ করতে সম্মত হন। ওই মামলায় দোষী সাব্যস্ত হলে শাকিরাকে প্রায় আট বছরের দীর্ঘ কারাদণ্ডের মুখোমুখি হতে হতো।
আইনি জটিলতার অবসান ঘটিয়ে পপতারকা শাকিরা বর্তমানে তাঁর জনপ্রিয় ‘উইমেন ডোন্ট ক্রাই অ্যানিমোর’ বিশ্ব সংগীত সফর নিয়ে ব্যস্ত সময় পার করছেন। চলতি বছরের সেপ্টেম্বর মাসেই স্পেনের মাদ্রিদে তাঁর বহুল প্রতীক্ষিত একটি রেসিডেন্সি শো অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
জান্নাত সকালাবেলা
|