কুরআন নিয়ে গবেষণা করেছেন ভারতীয় অভিনেত্রী ইয়ামি গৌতম

কুরআন নিয়ে গবেষণা করেছেন ভারতীয় অভিনেত্রী ইয়ামি গৌতম

বিনোদন ডেস্ক: বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ইয়ামি গৌতম তাঁর আসন্ন চলচ্চিত্র ‘হক’-এ একজন মুসলিম নারীর চরিত্রে অভিনয়ের গভীরতা ফুটিয়ে তুলতে পবিত্র কুরআন পাঠ ও গবেষণা করেছেন। সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি-কে দেওয়া এক সাক্ষাৎকারে এই তথ্য ফাঁস করেছেন সিনেমাটির পরিচালক সুপর্ণ ভার্মা।

পরিচালক সুপর্ণ ভার্মা জানান, ‘শাজিয়া বানু’ নামক কেন্দ্রীয় চরিত্রটিকে বাস্তবের কাছাকাছি নিয়ে আসার জন্য ইয়ামি গৌতম প্রায় চার মাস সময় নিয়ে কুরআন পাঠ করেছেন এবং এর অর্থ বোঝার চেষ্টা করেছেন। তিনি বলেন, “ছবিতে কুরআনের বিভিন্ন রেফারেন্স ব্যবহার করা হয়েছে, যার কারণে সিনেমার সমাপ্তি টানা হয়েছে ‘ইকরা’ (পড়ো) শব্দের মাধ্যমে।”

পরিচালক আরও জানান, তিনি প্রায় দেড় বছর ধরে ইসলামী আইন ও সামাজিক প্রেক্ষাপট নিয়ে গবেষণা করেছেন। সুপর্ণ ভার্মা বলেন, “আজকের যুগে তথ্যের ছড়াছড়ি থাকলেও সঠিক তথ্য খুঁজে পাওয়া কঠিন। আমি চেয়েছি ‘হক’ সিনেমার মাধ্যমে দর্শকদের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতে।” 

‘হক’ সিনেমাটি মূলত শাজিয়া বানু নামক এক নারীর জীবন থেকে অনুপ্রাণিত, যিনি তাঁর অধিকার আদায়ের জন্য আদালতের দ্বারস্থ হন। এটি সাংবাদিক জগনা ভোরার বই ‘বানু: ভারত কি বেটি’ অবলম্বনে নির্মিত এবং সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত। সিনেমায় ইয়ামি গৌতমের বিপরীতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ইমরান হাশমি।

পরিচালক প্রশ্ন তোলেন, ৪০ বছর আগের এই গল্পটি আজও কতটা প্রাসঙ্গিক? তিনি বলেন, বর্তমানেও অনেক নারী সামাজিক চাপ, কুসংস্কার এবং অধিকারবঞ্চিত জীবনের সাথে লড়াই করছেন। সময়ের সাথে নারীদের জীবনের প্রকৃত পরিবর্তন কতটা হয়েছে, তা-ই এই সিনেমার মূল উপজীব্য।

সূত্র: এক্সপ্রেস নিউজ। 

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন