কারিনা কায়সারের অকাল বিদায়; শোকে স্তব্ধ বিনোদন অঙ্গন ও হাজারো অনুসারী

প্রকাশ: শনিবার, ১৬ মে ২০২৬, ১২:২৫ অপরাহ্ণ
কারিনা কায়সারের অকাল বিদায়; শোকে স্তব্ধ বিনোদন অঙ্গন ও হাজারো অনুসারী

বিনোদন ডেস্ক: অভিনেত্রী ও কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের আকস্মিক প্রয়াণে কেবল দেশের বিনোদন অঙ্গনই নয়, শোকাচ্ছন্ন হয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমের হাজারো অনুসারী। শনিবার (১৬ মে) মধ্যরাতে ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাত্র ৩১ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর এই অকাল মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকেই শোবিজ জগৎ ছাড়িয়ে পুরো নেট দুনিয়া স্তব্ধ হয়ে গেছে।

লিভার সংক্রান্ত জটিলতায় আক্রান্ত হয়ে কিছুদিন ধরে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ছিলেন কারিনা। ঢাকায় লাইফ সাপোর্টে থাকার পর গত সোমবার তাকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে চেন্নাই নেওয়া হয়। সেখানে হঠাৎ ব্লাড প্রেশার কমে যাওয়ায় চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে তিনি না ফেরার দেশে চলে যান। কারিনার বাবা কায়সার হামিদ জানান, হাসপাতাল থেকে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ করে দ্রুতই মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রস্তুতি চলছে।

এদিকে কারিনা কায়সারের মৃত্যুর খবর আসার পর থেকে ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটকে তাঁর ভক্ত অনুসারীরা গভীর শোক প্রকাশ করছেন। সাধারণ দর্শক ও নেটিজেনরা বলছেন, কারিনার প্রাণবন্ত কনটেন্ট ও হাস্যোজ্জ্বল উপস্থিতি বহু একাকী মুহূর্তে তাদের মানসিক প্রশান্তি দিয়েছিল। কেবল গ্ল্যামার দুনিয়ার তারকা হিসেবে নয়, একজন সাধারণ ও মিশুক মানুষ হিসেবেও তরুণদের মাঝে তাঁর একটি আলাদা গ্রহণযোগ্যতা ছিল।

তারকারা যেমন তাঁদের প্রিয় সহকর্মীকে হারানোর বেদনা প্রকাশ করছেন, তেমনি নানা শ্রেণি-পেশার মানুষ ও কনটেন্ট ক্রিয়েটর কমিউনিটির সদস্যরাও গভীর শোক জানাচ্ছেন। ‘ইন্টার্নশিপ’ ও ‘৩৬-২৪-৩৬’ এর মতো প্রশংসিত সিরিজে তাঁর দুর্দান্ত অভিনয় ও পরিচিত সামাজিক কনটেন্টগুলোর কথা স্মরণ করে অনেকেই আবেগঘন পোস্ট দিচ্ছেন। সর্বস্তরের মানুষের একটাই কথা—এত কম বয়সে এমন একজন প্রতিভাবান এবং ইতিবাচক মানুষের চলে যাওয়া মেনে নেওয়া সত্যিই কঠিন।

মন্তব্য করুন