সত্যান্বেষী ব্যোমকেশ এখন ওটিটি পর্দায়: নতুন আঙ্গিকে গৌরব-শ্রুতি জুটি

প্রকাশ: রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ণ
সত্যান্বেষী ব্যোমকেশ এখন ওটিটি পর্দায়: নতুন আঙ্গিকে গৌরব-শ্রুতি জুটি

 শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী সৃষ্টি ‘সত্যান্বেষী’ ও ‘অর্থমনর্থম’ উপন্যাস অবলম্বনে ওটিটি প্ল্যাটফর্ম আড্ডাটাইমস-এ মুক্তি পেয়েছে নতুন ওয়েব সিরিজ ‘ব্যোমকেশ বক্সী’। পরিচালক অরিত্র সেনের এই সিরিজে ব্যোমকেশ হিসেবে আবারও পর্দায় ফিরেছেন জনপ্রিয় অভিনেতা গৌরব চক্রবর্তী। চিরাচরিত গল্পের আবহ ঠিক রেখে নতুন প্রজন্মের দর্শকদের কাছে ব্যোমকেশকে ভিন্ন মাত্রায় পৌঁছে দেওয়াই এই সিরিজের মূল লক্ষ্য। এর আগে ছোটপর্দায় ৩৩টি গল্পে ব্যোমকেশ হিসেবে অভিনয় করলেও ওটিটির এই নতুন মাধ্যম এবং ভিন্নধর্মী চিত্রনাট্যের কারণে গৌরব এই চরিত্রে ফেরার আগে বেশ কিছুটা সময় নিয়েছিলেন। অভিনেতার মতে, বর্তমান স্বত্ব সংক্রান্ত জটিলতা না থাকায় দর্শকরা এখন একাধিক ব্যোমকেশের ভিড়ে বিভ্রান্ত না হয়ে এই নতুন আঙ্গিকের নির্মাণটি উপভোগ করতে পারবেন।

সিরিজটিতে প্রথমবারের মতো ব্যোমকেশের চিরসঙ্গী অজিতের চরিত্রে অভিনয় করেছেন অর্ণ মুখোপাধ্যায়। নিজের বাস্তব জীবনের লেখালেখির অভ্যাসের সঙ্গে অজিতের চরিত্রের বেশ মিল খুঁজে পেয়েছেন এই অভিনেতা। অন্যদিকে, সত্যবতীর চরিত্রে দেখা যাচ্ছে অভিনেত্রী শ্রুতি দাসকে। এর আগে সোহিনী সরকার বা ঋদ্ধিমা ঘোষের মতো অভিনেত্রীরা এই চরিত্রে দারুণ জনপ্রিয়তা পেলেও শ্রুতি চেয়েছেন বইয়ের পাতা থেকে নিজের মতো করে সত্যবতীকে ফুটিয়ে তুলতে। শ্রুতির বিশ্বাস, যারা সাধারণত সাহিত্য পড়তে পছন্দ করেন না, এই সিরিজটি তাদের ব্যোমকেশের রহস্যময় জগতের প্রতি দারুণভাবে আকৃষ্ট করবে। ব্যোমকেশ ও সত্যবতীর সম্পর্কের বিবর্তন এবং রহস্যভেদের রোমাঞ্চ নিয়ে সাজানো এই সিরিজটি মুক্তির পর থেকেই দর্শকদের মধ্যে ব্যাপক কৌতূহল ও সাড়া ফেলেছে।

জন্নাত/সকালবেলা