নজর কাড়ছে ‘প্রিয় নামে ডেকো’

নজর কাড়ছে ‘প্রিয় নামে ডেকো’

বিনোদন প্রতিবেদক: ঈদের অসংখ্য নাটকের ভিড়ে দর্শক হৃদয়ে আলাদা জায়গা করে নিয়েছে ‘প্রিয় নামে ডেকো’। নির্মাতা প্রবীর রায় চৌধুরীর গল্প ভাবনায় নির্মিত এই নাটকটি মুক্তির মাত্র দুই সপ্তাহের মধ্যেই ইউটিউবে ৬০ লাখের বেশি ভিউ কুড়িয়েছে। জোভান ও তটিনী জুটির রসায়ন আর আবেগঘন গল্পটি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার তুঙ্গে।

প্রায় তিন বছর আগে প্রবীর রায় চৌধুরী এই গল্পটি নিয়ে সিনেমা নির্মাণের পরিকল্পনা করেছিলেন। তবে সময়ের প্রয়োজনে তা নাটকের রূপ পায়। চিত্রনাট্য যৌথভাবে লিখেছেন আহমেদ তাওকীর ও প্রবীর রায় চৌধুরী। নাটকের শেষে সম্পর্কের পূর্ণতা, অপেক্ষা আর ভালোবাসার যে সংমিশ্রণ দেখানো হয়েছে, তাতে দর্শকরা নিজেদের জীবনের প্রতিচ্ছবি খুঁজে পাচ্ছেন।

ইউটিউবের কমেন্ট বক্সে দর্শকরা নাটকটিকে ‘মনে রাখার মতো কাজ’ হিসেবে অভিহিত করেছেন। বিশেষ করে আগের প্রজন্মের ভালোবাসার ঢঙ বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরার বিষয়টি বেশ প্রশংসিত হচ্ছে। জোভান ও তটিনীর সাবলীল অভিনয় গল্পের গভীরতাকে আরও বাড়িয়ে দিয়েছে।

নির্মাতা প্রবীর রায় চৌধুরী জানান, সাধারণত তিনি বর্তমান প্রজন্মের গল্প বললেও এবার কিছুটা ভিন্ন ধারার চেষ্টা করেছেন। দর্শকদের এই বিপুল সাড়া তাঁর সেই প্রচেষ্টাকে সার্থক করেছে। অন্যদিকে, চিত্রনাট্যকার আহমেদ তাওকীর দর্শকদের এই ভালোবাসাকে ভবিষ্যতের কাজের অনুপ্রেরণা হিসেবে দেখছেন।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন