সুইমিংপুলে অচেতন হয়ে ফরাসি অভিনেত্রী নাদিয়া ফারেসের মৃত্যু
ফরাসি-মরোক্কান অভিনেত্রী নাদিয়া ফারেস আর নেই। গত ১৭ এপ্রিল ৫৭ বছর বয়সে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। জনপ্রিয় পুলিশি থ্রিলার ‘দ্য ক্রিমসন রিভার্স’-এ অভিনয়ের মাধ্যমে আন্তর্জাতিকভাবে পরিচিতি পাওয়া এই অভিনেত্রীর মৃত্যুতে ইউরোপীয় চলচ্চিত্রজগতে শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত শুক্রবার প্যারিসের একটি ব্যক্তিগত স্পোর্টস কমপ্লেক্সের সুইমিংপুলে তাকে অচেতন অবস্থায় পাওয়া যায়। দ্রুত হাসপাতালে নিয়ে কৃত্রিমভাবে কোমায় রাখা হলেও চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে তিনি মারা যান। চিকিৎসকরা জানিয়েছেন, হৃদ্রোগে আক্রান্ত হয়েই তার মৃত্যু হয়েছে। নাদিয়ার দুই মেয়ে সিলিয়া ও শানা এক বিবৃতিতে তাদের মায়ের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাকে একজন ‘মহান শিল্পী’ হিসেবে অভিহিত করেছেন। ২০০০ সালে ‘দ্য ক্রিমসন রিভার্স’ ছাড়াও হলিউডের ‘ওয়ার’ এবং ‘স্টর্ম ওয়ার্নিং’-এ অভিনয় করে তিনি প্রশংসিত হন। ফরাসি সংবাদমাধ্যম লে ফিগারো জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হলেও প্রাথমিকভাবে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের আলামত পাওয়া যায়নি।
জান্নাত/সকালবেলা
|