‘সহজে হারিয়ে যেতে রাজি নই’: সাফল্যের নেপথ্য গল্প শোনালেন কেয়া পায়েল

প্রকাশ: রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ণ
‘সহজে হারিয়ে যেতে রাজি নই’: সাফল্যের নেপথ্য গল্প শোনালেন কেয়া পায়েল

মাত্র ছয় বছর আগে ‘একটাই আমার তুমি’ নাটকের মাধ্যমে অভিনয় জগতে পা রেখেছিলেন বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। ক্যারিয়ারের প্রথম সেই নাটকে তার পারিশ্রমিক ছিল মাত্র ১০ হাজার টাকা। ছোট পর্দার শীর্ষ তারকা আফরান নিশোর বিপরীতে অভিনয় করতে গিয়ে সে সময় এক কঠিন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন তিনি। অভিজ্ঞতাহীন পায়েল তখন উপলব্ধি করেছিলেন যে অভিনয় অত্যন্ত পরিশ্রমের কাজ এবং এর জন্য প্রয়োজন চরম আত্মত্যাগ। প্রথম কাজের সেই ধকল সইতে না পেরে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরেছিলেন এবং নিজের কাছে প্রতিজ্ঞা করেছিলেন যে আর কখনোই ক্যামেরার সামনে দাঁড়াবেন না। কিন্তু ভাগ্যের পরিক্রমায় সেই প্রতিজ্ঞা ভেঙে আবারও অভিনয়ে ফেরেন তিনি এবং গত ছয় বছরে প্রায় ৪০০ নাটকে অভিনয় করে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন অনন্য উচ্চতায়। যার মধ্যে ১০০টিরও বেশি নাটক কোটি ভিউয়ের মাইলফলক স্পর্শ করেছে।

বর্তমানে মিডিয়াপাড়ায় কেয়া পায়েল অন্যতম সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রী হিসেবে পরিচিত। শোনা যায়, প্রতি নাটকের জন্য বর্তমানে নির্মাতাদের গুনতে হয় প্রায় দেড় লাখ টাকা। সম্প্রতি মাছরাঙা টিভিতে প্রচারিত পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-তে নিজের জীবনের এই অজানা অধ্যায়গুলো শেয়ার করেছেন তিনি। নিজের ক্যারিয়ার ভাবনা নিয়ে কেয়া পায়েল জানান, তিনি শুরু থেকেই বিশ্বাস করতেন যে ভালো কাজ এবং অভিনয়ের প্রতি একাগ্রতা থাকলে সাফল্য ও অর্থ নিজে থেকেই আসবে। তার মতে, কেবল অর্থের পেছনে ছুটলে শিল্পীর স্থায়িত্ব কমে যায়। দীর্ঘ পথ পাড়ি দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, আমি বিশ্বাস করি টাকার পেছনে ছুটলে অচিরেই হারিয়ে যাবো, আর আমি এত সহজে হারিয়ে যেতে রাজি নই। বর্তমানে তার অভিনীত নাটকগুলো দর্শকদের পছন্দের শীর্ষে থাকায় নির্মাতাদের কাছেও তিনি অন্যতম ভরসার নাম হয়ে উঠেছেন।

জন্নাত/সকালবেলা