কারিনার মরদেহ দেশে আসবে রোববার, দাফন সোমবারে

প্রকাশ: শনিবার, ১৬ মে ২০২৬, ০১:৫৫ অপরাহ্ণ
কারিনার মরদেহ দেশে আসবে রোববার, দাফন সোমবারে

বিনোদন ডেস্ক: ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় অকালে প্রয়াত হওয়া জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের মরদেহ আগামীকাল রোববার (১৭ মে) দেশে আনা হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর বাবা ও জাতীয় ফুটবল দলের সাবেক তারকা খেলোয়াড় কায়সার হামিদ।

পারিবারিক সূত্র জানায়, আগামীকাল রোববার দুপুরের দিকে কারিনা কায়সারের মরদেহ ভারত থেকে ঢাকা এসে পৌঁছাবে। এরপর ওই দিনই বাদ আসর রাজধানীর বনানী ডিওএইচএস জামে মসজিদে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।

কায়সার হামিদ আরও জানান, পরের দিন সোমবার (১৮ মে) বায়তুল মোকাররম জাতীয় মসজিদে কারিনার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাঁর মরদেহ নিয়ে যাওয়া হবে পৈতৃক নিবাস মুন্সিগঞ্জ জেলায়। সেখানে গজারিয়া উপজেলায় পারিবারিক কবরস্থানে তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে।

লিভার সংক্রান্ত তীব্র জটিলতায় আক্রান্ত হয়ে বেশ কিছুদিন ঢাকার হাসপাতালে লাইফ সাপোর্টে থাকার পর উন্নত চিকিৎসার জন্য গত সোমবার কারিনাকে এয়ার অ্যাম্বুলেন্সে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১৬ মে) শেষ রাতের দিকে মাত্র ৩১ বছর বয়সে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণবন্ত উপস্থাপনা, বৈচিত্র্যময় ও জীবনঘনিষ্ঠ কনটেন্ট তৈরি করে তরুণ প্রজন্মের দর্শকদের কাছে দারুণ জনপ্রিয় হয়ে উঠেছিলেন কারিনা। পরবর্তীতে ওটিটি প্ল্যাটফর্ম এবং নাটকের জগতেও নিজের শক্ত অবস্থান তৈরি করেন। অভিনয়ের পাশাপাশি চিত্রনাট্যকার হিসেবেও কাজ করেছেন তিনি। বিশেষ করে ‘ইন্টার্নশিপ’ ও ‘৩৬-২৪-৩৬’ ওয়েব সিরিজে তাঁর অভিনয় সর্বমহলে প্রশংসিত হয়। তাঁর এই অকাল ও আকস্মিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকেই বিনোদন অঙ্গনের সহকর্মী, নির্মাতা ও লাখো ভক্তের মাঝে গভীর শোক ও স্তব্ধতা বিরাজ করছে।

মন্তব্য করুন