প্রেমিকার ছেলের ছুরিকাঘাতে খুন হলেন হলিউড অভিনেতা

প্রকাশ: শনিবার, ০৬ জুন ২০২৬, ১২:১১ অপরাহ্ণ
প্রেমিকার ছেলের ছুরিকাঘাতে খুন হলেন হলিউড অভিনেতা
সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক: হলিউডের বিখ্যাত সিনেমা ‘জুমানজি’ ও ‘টপ গান: ম্যাভেরিক’ খ্যাত প্রবীণ মার্কিন অভিনেতা জেমস হ্যান্ডি (৮১) ছুরিকাঘাতে খুন হয়েছেন। লস অ্যাঞ্জেলেসে নিজ বাড়ির বাইরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করার পর দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। এই নৃশংস হত্যাকাণ্ডের অভিযোগে জেমস হ্যান্ডির প্রেমিকার ছেলে মাইকেল গ্লেডহিলের (৪৪) বিরুদ্ধে লস অ্যাঞ্জেলেস সুপিরিয়র কোর্টে মামলা দায়ের করা হয়েছে।

মার্কিন পুলিশের তথ্যমতে, গত বুধবার (৩ জুন) এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। জেমস হ্যান্ডিকে নির্মমভাবে ছুরিকাঘাত করার পর অভিযুক্ত মাইকেল গ্লেডহিল নিজেই জরুরি সেবা নম্বর ৯১১-এ ফোন করে পুলিশকে বলেন, ‘আমি মানুষের ছেলে, আমি এইমাত্র পাপের মানুষকে হত্যা করেছি।’ এই ফোনের সূত্র ধরেই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রক্তমাখা অবস্থায় গ্লেডহিলকে গ্রেফতার করে। বর্তমানে আদালতে মামলার শুনানির জন্য তার জামিন ২০ লক্ষ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে।

নিউইয়র্কে জন্মগ্রহণকারী জেমস হ্যান্ডি চলচ্চিত্র ও টেলিভিশন—উভয় মাধ্যমেই একজন অত্যন্ত জনপ্রিয় চরিত্রাভিনেতা হিসেবে কাজ করেছেন। ১৯৯৫ সালের বিখ্যাত সিনেমা ‘জুমানজি’-তে কীটপতঙ্গ দমনকারী এবং অতি সম্প্রতি ২০২২ সালের বিশ্ব কাঁপানো ব্লকবাস্টার ‘টপ গান: ম্যাভেরিক’-এ বারটেন্ডার ‘জিমি’ চরিত্রে অভিনয়ের জন্য তিনি দর্শকদের কাছে বিশেষভাবে পরিচিত ছিলেন। এ ছাড়া ‘এনসিআইএস: লস অ্যাঞ্জেলেস’ ও ‘কোল্ড কেস’-এর মতো শীর্ষস্থানীয় মার্কিন ক্রাইম ড্রামা সিরিজেও তিনি দক্ষতার সাথে কাজ করেছেন।

এই গুণী অভিনেতার আকস্মিক মৃত্যুতে হলিউডজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। তার দীর্ঘদিনের কর্মস্থল এলিস ট্যালেন্ট গ্রুপের পাম এলিস-ইভেনাস গভীর শোক প্রকাশ করে বলেন, ‘জেমস হ্যান্ডির চেয়ে বেশি প্রতিভাবান, বিনয়ী ও অমায়িক বন্ধু আমি আর কখনো পাব না।’

মন্তব্য করুন