নারীদের শরীর ও বয়স নিয়ে তামাশা বন্ধের আহ্বান হানিয়া আমিরের
বিনোদন ডেস্ক : নারীদের চেহারা, শরীর, বয়স কিংবা ব্যক্তিগত জীবন নিয়ে সোশ্যাল মিডিয়ায় হাসি-তামাশা ও কুরুচিপূর্ণ কনটেন্ট তৈরির প্রবণতার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। সামাজিক যোগাযোগমাধ্যমে স্বাধীন মতপ্রকাশের অজুহাতে নারীদের নিয়ে এমন বিদ্রূপকে আর মেনে নেওয়া যায় না বলে স্পষ্ট বার্তা দিয়েছেন তিনি।
সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে দেওয়া এক বার্তায় হানিয়া আমির লেখেন, "২০২৬ সালে এসেও নারীদের শরীর, বয়স বা ব্যক্তিগত বিষয়কে রসিকতার রসদ বানানো অত্যন্ত হাস্যকর ও অনুচিত।" কোনো বক্তব্যকে 'ব্যক্তিগত মতামত' বা 'রসাত্মক কনটেন্ট' হিসেবে আখ্যা দিয়ে দিলেই তা গ্রহণযোগ্য হয়ে যায় না উল্লেখ করে তিনি বলেন, ডিজিটাল যুগে একজন প্রভাবশালী ব্যক্তির মন্তব্যের প্রভাব সমাজে মারাত্মকভাবে পড়ে।
হানিয়া আমির তাঁর ভক্ত ও সাধারণ দর্শকদের উদ্দেশে বলেন, "নারীরা কারও ব্যক্তিগত সম্পত্তি নয়। তাদের শরীর বা চেহারা জনসমক্ষে আলোচনার সামগ্রী হতে পারে না।" উল্লেখ্য, সম্প্রতি ভারতীয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফ সন্তান জন্মের পর প্রকাশ্যে এলে তাঁকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রোলিং শুরু হয়। সুনির্দিষ্ট কারো নাম না নিলেও হানিয়ার এই বার্তাটি ডিজিটাল প্ল্যাটফর্মে নারীদের সুরক্ষার প্রশ্নে বড় এক সচেতনতার বার্তা হয়ে উঠেছে।