চাকচিক্যের আড়ালে প্রতিদিনই আমাদের স্ট্রাগল করতে হয়: ফারিয়া
ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। অভিনয়, উপস্থাপনা ও গানের মাধ্যমে দর্শকদের মন জয় করলেও তার এই পথচলা মোটেও সহজ ছিল না। সম্প্রতি এক অনুষ্ঠানে তারকাখ্যাতির আড়ালে লুকিয়ে থাকা সংগ্রাম, মানসিক চাপ এবং গ্ল্যামার জগতের কঠিন বাস্তবতা নিয়ে খোলামেলে কথা বলেছেন তিনি।
সফলতা প্রসঙ্গে নুসরাত ফারিয়া বলেন, ‘স্ট্রাগল ছাড়া লাইফে কোনো কিছু অ্যাচিভ করা যায় না। আমি এমন একজন স্টুডেন্ট ছিলাম যে অনেক পড়াশোনা করেও কখনো ফার্স্ট, সেকেন্ড বা থার্ড হতে পারতাম না। তখন আম্মু আমাকে বলতেন, হার্ডওয়ার্কের কোনো বিকল্প নেই।’ তিনি আরও জানান, এখন পর্যন্ত ২৩টি সিনেমা, আটটি গান এবং সাড়ে পাঁচশোর বেশি শো করার পরেও প্রতিবার ক্যামেরার সামনে দাঁড়ানোর সময় তিনি প্রথম দিনের মতোই নার্ভাস থাকেন।
শোবিজ জগতের চাকচিক্য নিয়ে ফারিয়া বলেন, ‘বাইরে থেকে আমাদের জীবন অনেক চাকচিক্যময় মনে হলেও প্রতিদিনই আমাদের স্ট্রাগল করতে হয়। আমাদের সবসময় বেস্ট থাকতে হয়, বেস্ট দেখতে হয় এবং বেস্ট পারফরম্যান্স দিতে হয়। এখানে সেরাটা দেওয়া ছাড়া আর কোনো অপশন নেই।’
সামাজিক যোগাযোগমাধ্যমের নেতিবাচক মন্তব্য নিয়ে এই অভিনেত্রী বলেন, ‘একদিন যদি এক ইঞ্চি মোটা লাগে, তবে পরের দিন সোশ্যাল মিডিয়াতে সমালোচনার ঝড় ওঠে। আবার এক ইঞ্চি ভুল কথা বললেও রক্ষা নেই। প্রতিটি মুহূর্তে আমাদের নিজেদের নিখুঁত প্রমাণের লড়াই চালিয়ে যেতে হয়।’
|