ফিরছেন বিদ্যা সিনহা মিম

প্রকাশ: সোমবার, ১৮ মে ২০২৬, ১২:৩৯ অপরাহ্ণ
ফিরছেন বিদ্যা সিনহা মিম

বিনোদন ডেস্ক: দীর্ঘদিন নতুন কোনো সিনেমায় চুক্তিবদ্ধ না হয়ে পর্দায় ফেরার জন্য বেশ বুঝেশুনে পা ফেলছেন জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। করোনা মহামারি পরবর্তী সময়ে তাঁর ‘পরাণ’ সিনেমাটি বক্স অফিসে তুমুল ঝড় তোলার পর অনেকেই ধারণা করেছিলেন মিম হয়তো একের পর এক ছবিতে অভিনয় করবেন। তবে যেনতেনভাবে পর্দায় না ফিরে মিম সময় নিয়েছেন, ধৈর্য ধরেছেন এবং নিজেকে প্রস্তুত করেছেন নতুন কিছুর জন্য। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটিয়ে বড় পর্দায় জমকালো প্রত্যাবর্তনের জন্য সম্পূর্ণ প্রস্তুত তিনি।

বিদ্যা সিনহা মিম তাঁর নতুন সিনেমা ‘মালিক’ নিয়ে খুব শিগগিরই প্রেক্ষাগৃহে হাজির হতে যাচ্ছেন। সাইফ চন্দন পরিচালিত এই বিগ বাজেটের ছবিতে মিম জুটি বেঁধেছেন জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভর বিপরীতে। সিনেমাটির শুটিং এবং ডাবিংয়ের যাবতীয় কাজ ইতিমধ্যেই শতভাগ সম্পন্ন হয়েছে।

সিনেমাটির কাজ শেষ হলেও এত দিন এ বিষয়ে অনেকটাই মুখে কুলুপ এঁটেছিলেন মিম, শুভ এবং পরিচালকসহ পুরো ‘মালিক’ টিম। জানা গেছে, কোনো আগাম গুঞ্জন না ছড়িয়ে সিনেমাটির শুটিং শেষ করে সরাসরি সেন্সর ছাড়পত্র পাওয়ার পরই বড় পরিসরে প্রচারণা শুরু করার একটি বিশেষ কৌশলগত পরিকল্পনা ছিল টিমের।

এদিকে, আগামী ঈদুল আজহার আর মাত্র ১০ দিন বাকি রয়েছে। এই অল্প সময়ের মধ্যে সেন্সর বোর্ডের ছাড়পত্র নিয়ে প্রেক্ষাগৃহে মুক্তির চূড়ান্ত ঘোষণা ও প্রচারণা চালানোর জন্য খুব বেশি সময় হাতে পাওয়া যাবে না। তবে ‘মালিক’ টিম এই অল্প সময়ের মধ্যেই দর্শকদের চমকে দিতে তাদের চূড়ান্ত প্রস্তুতি গুছিয়ে এনেছে।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন