কানের মঞ্চে মাতৃত্বের সৌন্দর্য ছড়ালেন বারবারা

প্রকাশ: সোমবার, ১৮ মে ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ণ
কানের মঞ্চে মাতৃত্বের সৌন্দর্য ছড়ালেন বারবারা

বিনোদন ডেস্ক: কান চলচ্চিত্র উৎসবের জমকালো রেড কার্পেটে এক দারুণ চমক দিলেন হলিউড অভিনেতা ডিলান স্প্রাউস ও সুপারমডেল বারবারা পালভিন। নিজেদের জীবনের সবচেয়ে বড় এবং আনন্দের খবরটি বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে বড় এই মঞ্চে এসে ভক্তদের সঙ্গে ভাগ করে নিলেন এই তারকা দম্পতি।

প্রথম সন্তানের বাবা-মা হতে চলেছেন ডিলান ও বারবারা। কান উৎসবের লাল গালিচায় বেবি বাম্প নিয়ে হাজির হয়ে তাঁরা এই মধুর সুখবরটি নিশ্চিত করেছেন।

গত বৃহস্পতিবার (১৪ মে) ফরাসি সিনেমা ‘প্যারালাল টেলস’ (হিস্তোয়া প্যারালেল)-এর উদ্বোধনী প্রদর্শনীতে অংশ নেন এই যুগল। সেখানে হালকা নীল রঙের একটি মিউ মিউ (Miu Miu) গাউনে হাজির হন ৩২ বছর বয়সী হাঙ্গেরিয়ান মডেল বারবারা পালভিন। ছবি তোলার সময় এই হবু মা পরম আদরে তাঁর বেবি বাম্পটি হাত দিয়ে জড়িয়ে ধরে রেখেছিলেন।

পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে গর্ভে থাকা সন্তানের একটি সোনোগ্রাম ছবি শেয়ার করে বারবারা লিখেছেন, "গত রাতে আমাদের তিনজনকে প্রস্তুত করে দেওয়ার জন্য সবার কাছে আমি অত্যন্ত কৃতজ্ঞ।" তাঁদের এই পোস্টে হলিউডের নামী তারকা ও ভক্তরা শুভেচ্ছার বন্যা বয়ে দিচ্ছেন।

এর ঠিক পরদিন, গত শুক্রবার (১৫ মে) ‘কার্মা’ সিনেমার প্রদর্শনীতে আবারও এই দম্পতিকে কানের রেড কার্পেটে দেখা যায়। এদিন তাঁরা বিখ্যাত ডিজাইনার কার্ল ল্যাগারফেল্ডের ডিজাইন করা ক্লাসিক সাদা-কালো পোশাকে হাজির হন। ডিলান স্প্রাউস পরেছিলেন একটি কালো টাক্সেডো এবং অন্তঃসত্ত্বা বারবারা সেজেছিলেন সাদা শার্টের সঙ্গে লম্বা কালো স্কার্টে। কানের এই উৎসবে বারবারার বারবার উপস্থিতি যেন তাঁদের অনাগত সন্তানকে নিয়ে ‘তিনজনের’ এক দারুণ রূপকথা তৈরি করেছে।

জনপ্রিয় ডিসনি সিরিজ ‘দ্য সুইট লাইফ অব জ্যাক অ্যান্ড কোডি’ খ্যাত অভিনেতা ডিলান স্প্রাউস এবং ‘ভিক্টোরিয়াস সিক্রেট’-এর বিশ্বখ্যাত মডেল বারবারা পালভিন ২০১৮ সাল থেকে সম্পর্কে আছেন। পাঁচ বছর চুটিয়ে প্রেম করার পর ২০২৩ সালের জুলাই মাসে বারবারার নিজ দেশ হাঙ্গেরিতে একদম ঘরোয়া আয়োজনে তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের প্রায় তিন বছর পর এবার তাঁদের সংসারে আলো করে আসতে চলেছে নতুন অতিথি।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন