ঈদের চার সিনেমা এবার ওটিটি প্ল্যাটফর্মে
বিনোোদন প্রতিবেদক : গেল ঈদুল ফিতরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া এবং ব্যাপক দর্শকপ্রিয়তা পাওয়া আলোচিত চার সিনেমা ‘রাক্ষস’, ‘বনলতা এক্সপ্রেস’, ‘দম’ ও ‘প্রিন্স’ এবার ওটিটি (ওভার দ্য টপ) প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে। সিনেমা হলে দেখার পর কিংবা যারা দূরত্বের কারণে হলে গিয়ে দেখতে পারেননি, তাদের জন্য এই সিনেমাগুলো এবার ডিজিটাল পর্দায় উন্মুক্ত করা হচ্ছে।
জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে এবং তানিম নূরের পরিচালনায় নির্মিত ‘বনলতা এক্সপ্রেস’ আগামী ২৪ মে থেকে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম হইচইয়ে দেখা যাবে। ঈদে মুক্তির পর থেকে সিনেমাটি বক্স অফিসে দারুণ ব্যবসা করেছে। বাংলাদেশ থেকে এর আয় ১৪ কোটি টাকার বেশি এবং বিশ্ববাজারসহ মোট আয় ২০ কোটি টাকা ছাড়িয়েছে। প্রেক্ষাগৃহে দুই মাস চলার পর এটি ওটিটিতে আসছে, তবে ওটিটিতে মুক্তি পেলেও সিনেমাটি থিয়েটারেও প্রদর্শিত হতে থাকবে। সিনেমাটিতে অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরীফুল রাজ, সাবিলা নূর, আজমেরী হক বাঁধনসহ একঝাঁক তারকা।
রেদওয়ান রনির পরিচালনায় আফগানিস্তানে মৃত্যুর মুখ থেকে ফিরে আসা এক বাংলাদেশির সত্য ঘটনা অবলম্বনে নির্মিত সিনেমা ‘দম’ মুক্তি পাচ্ছে আগামী ২১ মে চরকিতে। ২০ মে রাত ১২টার পর থেকেই দেশ-বিদেশের দর্শকরা ওটিটিতে এটি দেখতে পাবেন। এ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো ও পূজা চেরী। এছাড়াও আছেন চঞ্চল চৌধুরী ও জাহিদ হাসান। কাজাখস্তানে চিত্রায়িত সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছে এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট ও চরকি। পরিচালক রেদওয়ান রনি জানান, ওটিটির মাধ্যমে এই জয়ের গল্প এবার সবার ঘরে ও হাতের মুঠোয় পৌঁছে যাবে।
মেগাস্টার শাকিব খান অভিনীত ‘প্রিন্স’ এবং সিয়াম আহমেদ অভিনীত অ্যাকশন-থ্রিলার ‘রাক্ষস’ সিনেমা দুটি মুক্তি পেতে চলেছে একদম নতুন ওটিটি প্ল্যাটফর্ম ‘উৎসব’ (utshob.live)-এ। আগামী ২১ মে থেকে সিনেমা দুটির স্ট্রিমিং শুরু হবে।
আবু হায়াত মাহমুদ পরিচালিত ‘প্রিন্স’ সিনেমায় শাকিব খানের বিপরীতে আছেন তাসনিয়া ফারিণ ও কলকাতার জ্যোতির্ময়ী কুণ্ড। প্রেক্ষাগৃহে সার্ভার ও ডিসিপি জটিলতার কারণে যারা সিনেমাটি দেখতে পারেননি, তাদের জন্য সাউন্ড, কালার ও ভিএফএক্সের ত্রুটি সংশোধন করে আরও উন্নত ও পরিপূর্ণ ডিজিটাল সংস্করণ উৎসবে প্রকাশ করা হচ্ছে।
অন্যদিকে, মেহেদি হাসান হৃদয়ের পরিচালনায় রোমান্টিক অ্যাকশন-থ্রিলার ‘রাক্ষস’ সিনেমায় সিয়াম আহমেদের সাথে অভিনয় করেছেন কলকাতার সুষ্মিতা চ্যাটার্জি। নির্মাতার সফল সিনেমা ‘বরবাদ’-এর ইউনিভার্সের অংশ এই সিনেমাটি। এর মাধ্যমে সিয়ামকে নতুন এক অ্যাকশন লুকে দেখেছেন দর্শকেরা।
উৎসবে এই দুটি বড় সিনেমা মুক্তি প্রসঙ্গে প্ল্যাটফর্মটির প্রধান নির্বাহী জাহিদ হাসান অভি বলেন, “আমাদের লক্ষ্য বিশ্বব্যাপী বাংলা কনটেন্টকে সহজলভ্য করা। তাই যাত্রার শুরুতেই আমরা ঈদের সবচেয়ে আলোচিত দুই সিনেমাকে রাখছি।” দর্শকেরা আপাতত ওয়েবসাইটের সাবস্ক্রিপশনের মাধ্যমে এটি দেখতে পারবেন। খুব শিগগিরই গুগল প্লে স্টোর, আইওএস ও স্মার্ট টিভিতে ‘উৎসব’ অ্যাপ উন্মুক্ত করা হবে।
জান্নাত সকালাবেলা
|