কারিনার পর এবার একই ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ডিজে সনিকা
বিনোদন ডেস্ক: কিছুদিন আগেই ভারতে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন তরুণ বাংলাদেশি কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার। হেপাটাইটিস এ ও ই-র মতো মারাত্মক লিভারজনিত জটিলতায় ভুগে তাঁর মৃত্যুর রেশ কাটতে না কাটতেই এবার একই ভাইরাসে আক্রান্ত হয়েছেন দেশের জনপ্রিয় ডিজে ও মডেল সনিকা।
গতকাল সোমবার (১৮ মে) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের গুরুতর অসুস্থতার খবরটি ভক্তদের সঙ্গে শেয়ার করেন তিনি।
বর্তমানে এই তারকা রাজধানীর বনানীর ইয়র্ক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতালের বিছানায় শুয়ে থাকা অবস্থায় নিজের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে ক্যাপশনে সনিকা লিখেছেন, ‘আগামী কয়েকদিনের জন্য এটাই আমার ঘর।’ তাঁর এই অসুস্থতার খবর প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত ও সহকর্মীরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন।
২০০৭ সালে ডিজে হিসেবে পেশাদার ক্যারিয়ার শুরু করা সনিকা অল্প সময়েই দেশের সংগীতাঙ্গন ও তরুণ প্রজন্মের মাঝে দারুণ পরিচিত মুখ হয়ে ওঠেন। ২০১১ সালে বাংলাদেশে অনুষ্ঠিত আইসিসি ক্রিকেট বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করে আন্তর্জাতিক মঞ্চেও তিনি দেশের প্রতিনিধিত্ব করেছিলেন। এরপর ২০১৩ সালে তিনি ‘শ্রেষ্ঠ বাংলাদেশি মহিলা ডিজে’ হিসেবে ঢালিউড চলচ্চিত্র ও সংগীত পুরস্কারে ভূষিত হন। ডিজে ক্যারিয়ারের পাশাপাশি ২০১৫ সালে ছোটপর্দায় ‘লাস্ট সিকোয়েন্স’ ও ‘থ্রিপল এফ’ নামের দুটি জনপ্রিয় টিভি নাটকে অভিনয়ের মাধ্যমে অভিনেত্রী হিসেবেও নিজের প্রতিভার স্বাক্ষর রাখেন তিনি।
|