সচেতনতামূলক প্রামাণ্যচিত্রে পূর্ণিমা

প্রকাশ: বুধবার, ১৩ মে ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ণ
সচেতনতামূলক প্রামাণ্যচিত্রে পূর্ণিমা

বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা দীর্ঘ বিরতি কাটিয়ে আবারও ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন। তবে কোনো বাণিজ্যিক সিনেমায় নয়, এবার তাকে দেখা যাবে সচেতনতামূলক একটি প্রামাণ্যচিত্রে। জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা তৈরির লক্ষ্যে ‘অস্তিত্বের লড়াই’ নামক এই প্রামাণ্যচিত্রে অংশ নিয়েছেন তিনি।

১৯৭০ সালে ভোলায় ঘটে যাওয়া প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় ও প্রাকৃতিক দুর্যোগের প্রেক্ষাপটে এটি নির্মাণ করেছেন ‘প্রেমের তাজমহল’ খ্যাত নির্মাতা গাজী মাহবুব। বেসরকারি উন্নয়ন সংস্থা ‘মানবসুর উন্নয়ন সংস্থা’র (মাউস) উদ্যোগে এটি নির্মিত হয়েছে। এফডিসিতে দৃশ্যধারণের মাধ্যমে এরই মধ্যে প্রামাণ্যচিত্রটির কাজ শেষ হয়েছে।

ব্যক্তিগত ও সামাজিক দায়বদ্ধতা থেকে এই কাজে যুক্ত হয়েছেন জানিয়ে পূর্ণিমা বলেন, “প্রামাণ্যচিত্রের ভাবনা ভালো লাগায় মানুষকে সচেতন করতে দায়িত্ববোধের জায়গা থেকে কাজটি করেছি। আমি সবসময় ভালো কাজের সঙ্গে থাকতে চাই।”

নির্মাতা গাজী মাহবুব জানান, গল্পে সত্তরের বন্যার মর্মান্তিক কাহিনীর পাশাপাশি বর্তমান বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের ঝুঁকি ও করণীয় বিষয়গুলো উঠে আসবে। এটি সংস্থার আয়োজনে জলবায়ু সহনশীল বাংলাদেশ গঠনে স্বেচ্ছাসেবক প্রশিক্ষণ কর্মসূচিতে প্রদর্শিত হবে এবং অনলাইনে প্রকাশ করা হবে। প্রামাণ্যচিত্রটিতে পূর্ণিমা ছাড়াও অভিনয় করেছেন কাজী হায়াৎ, শিবা শানু, তানহা তাসনিয়া, শিরিন শিলা, মৌ খান ও জয় চৌধুরীসহ আরও অনেকে।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন