কাসকাইসের ভিলায় চুপিসারে বিয়ে সারলেন রোনালদো-জর্জিনা
অনলাইন ডেস্ক: দীর্ঘ এক দশকের প্রেমের পর অবশেষে আনুষ্ঠানিকভাবে স্বামী-স্ত্রী হিসেবে নতুন জীবন শুরু করলেন পর্তুগালের ফুটবল কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদো ও তাঁর দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজ। মঙ্গলবার পর্তুগালের সৈকত শহর কাসকাইসে একেবারে পারিবারিক ও ঘরোয়া পরিবেশে তাঁদের বিয়ে সম্পন্ন হয়েছে।
রোনালদোর প্রতিনিধিরা আনুষ্ঠানিকভাবে বিয়ের খবর নিশ্চিত করেছেন। জানা যায়, ছিমছাম এই আয়োজনে দম্পতির পাঁচ সন্তান উপস্থিত ছিল। বিয়ের আনুষ্ঠানিকতার পর সামাজিক যোগাযোগমাধ্যমে জর্জিনার হাতের ওপর নিজের হাত রাখা একটি ছবি প্রকাশ করেন রোনালদো, যেখানে দুজনের অনামিকায় জ্বলজ্বল করছিল বিয়ের আংটি। ছবির সঙ্গে ভালোবাসার প্রতীক জুড়ে দিয়ে ভক্তদের কাছে বিয়ের বার্তা পরিষ্কার করে দেন তিনি।
গত বছরের ১১ আগস্ট বাগ্দানের ঘোষণা দিয়েছিলেন জর্জিনা। অনামিকায় বড় একটি আংটি পরে রোনালদোর হাতের ওপর নিজের হাত রাখা ছবি প্রকাশ করেছিলেন তিনি। ঠিক এক বছর পর সেই সম্পর্ক পেল কাঙ্ক্ষিত পরিণতি।
প্রথম দেখাতেই প্রেম ২০১৬ সালে স্পেনের মাদ্রিদে একটি বিখ্যাত পোশাকের দোকানে বিক্রয়কর্মী হিসেবে কাজ করতেন জর্জিনা। সেখানেই রোনালদোর সঙ্গে তাঁর প্রথম পরিচয় এবং এরপর ধীরে ধীরে গড়ে ওঠে প্রণয়। জর্জিনার ভাষায়, রোনালদোর সঙ্গে তাঁর সম্পর্কটি ছিল একেবারেই ‘প্রথম দেখাতেই প্রেম’। ২০১৭ সালের শুরুতে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রথমবারের মতো জনসমক্ষে আসেন এই জুটি। একই বছর সামাজিক যোগাযোগমাধ্যমে সম্পর্কের বিষয়টি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন রোনালদো।
আর্জেন্টিনার ‘জামাই’ রোনালদো জর্জিনা রদ্রিগেজের জন্ম আর্জেন্টিনার রাজধানী বুয়েনস এইরেসে। ফলে পর্তুগিজ মহাতারকার বিয়ের খবরের পর ফুটবলপ্রেমীরা সামাজিক যোগাযোগমাধ্যমে মজা করে রোনালদোকে আর্জেন্টিনার ‘জামাই’ উপাধি দিচ্ছেন।
বিয়ের স্থান নিয়ে আগে থেকেই গণমাধ্যমে নানা গুঞ্জন ছিল। পর্তুগালের রাজধানী লিসবনের বাইরে সিন্ত্রা কিংবা রোনালদোর জন্মস্থান মাদেইরায় বিয়ের আয়োজন হতে পারে বলে খবর ছড়িয়েছিল। এমনকি মাদেইরার একটি গির্জার সামনে ভক্তরা ভিড়ও করেছিলেন। তবে শেষ পর্যন্ত লিসবন থেকে প্রায় ৩০ কিলোমিটার পশ্চিমে কাসকাইসের একটি ভিলায় নিভৃতে বিয়ের আয়োজন সারেন তাঁরা।
পাঁচ সন্তান নিয়ে সংসার রোনালদো ও জর্জিনার সংসারে রয়েছে পাঁচ সন্তান। রোনালদোর বড় ছেলে ক্রিস্টিয়ানো জুনিয়রের জন্ম ২০১০ সালে, যার মায়ের পরিচয় কখনো প্রকাশ করেননি তিনি। এরপর সারোগেসির মাধ্যমে যমজ সন্তান ইভা ও মাতেওর বাবা হন রোনালদো। ২০১৭ সালে জর্জিনার গর্ভে জন্ম নেয় তাঁদের মেয়ে অ্যালানা মার্টিনা। ২০২২ সালে জর্জিনা যমজ সন্তানের জন্ম দেন; তাঁদের একজন বেলা বেঁচে থাকলেও ছেলে অ্যাঞ্জেল জন্মের কিছুক্ষণ পরই মারা যায়। সেই কঠিন শোকও একসঙ্গে পার করেছেন এই দম্পতি।
ফুটবলের বাইরেও তারকা জুটি রোনালদো ও জর্জিনা বিনোদন ও সামাজিক যোগাযোগমাধ্যমের অন্যতম প্রভাবশালী জুটি। বর্তমানে তাঁদের সম্মিলিত অনুসারীর সংখ্যা ৭৫ কোটির বেশি। ফ্যাশন ও হোটেল ব্যবসাসহ নানা খাতে তাঁদের বিপুল বিনিয়োগ রয়েছে।
৪১ বছর বয়সী রোনালদো বর্তমানে খেলছেন সৌদি আরবের ক্লাব আল নাসরের হয়ে। বর্ণাঢ্য পেশাদার ক্যারিয়ারে ৯৭৬ গোলের পাশাপাশি পাঁচটি ব্যালন ডি’অর ও পাঁচটি চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতেছেন তিনি। দীর্ঘ প্রেম, সন্তান, সাফল্য আর নানা উত্থান-পতনের পর এবার স্বামী-স্ত্রী হিসেবে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন এই মহাতারকা জুটি।
|