ঝড় তুলেছে ‘ডিসি’র ট্রেলার, অভিনেতা লুকে লোকেশ কানাগরাজ
অনলাইন ডেস্ক: মুক্তি পাওয়ার পর থেকেই বিনোদন অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো ঝড় তুলেছে বহুল প্রতীক্ষিত তামিল চলচ্চিত্র ‘ডিসি’-র অফিশিয়াল ট্রেলার। ডার্ক, ভায়োলেন্ট এবং রোমান্টিক অ্যাকশন ড্রামা ঘরানার এই সিনেমার ট্রেলারে দর্শকদের জন্য রয়েছে চমকের পসরা। তবে সবচেয়ে বড় চমক হলো, এর মাধ্যমে রুপালি পর্দায় কেন্দ্রীয় অভিনেতা হিসেবে অভিষেক হচ্ছে জনপ্রিয় তামিল নির্মাতা লোকেশ কানাগরাজের।
‘কাইথি’, ‘বিক্রম’ কিংবা ‘কুলি’র মতো ব্লকবাস্টার সিনেমার এই সফল পরিচালককে এবার দেখা যাবে ফ্রন্টলাইনে। ছবিতে ওয়ামিকা গাব্বির (চন্দ্রা) বিপরীতে ‘দেবদাস’ চরিত্রে স্ক্রিন শেয়ার করেছেন তিনি। ট্রেলারটিতে একটি অন্ধকার ও আবেগঘন আখ্যান ফুটিয়ে তোলা হয়েছে, যেখানে নিখাদ ভালোবাসার পাশাপাশি রয়েছে তীব্র সহিংসতা ও প্রতিশোধের গল্প। পরিচালক অরুণ মাথেশ্বরণের নিজস্ব ঘরানার ডার্ক ও স্টাইলাইজড নির্মাণশৈলী পুরো ট্রেলারে স্পষ্ট। এছাড়া একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সাঞ্জানা কৃষ্ণমূর্তি।
সিনেমাটির অন্যতম প্রধান প্রাণশক্তি হলো এর মিউজিক। গান ও ব্যাকগ্রাউন্ড স্কোর কম্পোজ করেছেন ভারতের বর্তমান সেনসেশনাল সংগীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দর। ট্রেলারে ব্যবহৃত তাঁর বিশেষ থিম সং ‘রাগা অব রিভেঞ্জ’ ইতিমধ্যেই শ্রোতাদের মাঝে তুমুল সাড়া ফেলেছে। সান পিকচার্সের ব্যানারে নির্মিত এই সিনেমাটি গত ১৫ মে কান চলচ্চিত্র উৎসবের ‘ইন্ডিয়ান প্যাভিলিয়নে’ প্রদর্শিত হয়ে আন্তর্জাতিক অঙ্গনেও নজর কেড়েছে। ভিন্নধর্মী কাস্টিং ও শক্তিশালী গল্পের কারণে চলতি বছরেই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাওয়া ‘ডিসি’ এই বছরের অন্যতম আলোচিত তামিল সিনেমা হতে যাচ্ছে।
|