আইনি জটিলতার মধ্যেই ঈদে আসছে বনলতা সেন
বিনোদন ডেস্ক: সহ-প্রযোজকের সঙ্গে তীব্র মতানৈক্য ও আইনি জটিলতার মধ্যেই আগামী ঈদুল আজহায় মুক্তি পেতে যাচ্ছে সরকারি অনুদানপ্রাপ্ত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘বনলতা সেন’। গতকাল শুক্রবার সিনেমাটির প্রথম অফিসিয়াল পোস্টার প্রকাশের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দিয়েছেন এর পরিচালক মাসুদ হাসান উজ্জ্বল।
২০২১-২২ অর্থবছরে অনুদান পাওয়া এই সিনেমাটি নিয়ে গত দুই বছর ধরেই আলোচনা চলছিল। তবে সিনেমাটি মুক্তির দোরগোড়ায় আসার পর নির্মাতা উজ্জ্বলের বিরুদ্ধে আর্থিক গরমিল ও চুক্তি ভঙ্গের অভিযোগ এনে আদালতে যান এর সহ-প্রযোজক তরুণ মজুমদার। তরুণের অভিযোগ—সিনেমাটির পেছনে তিনি ৬১ লাখ টাকা বিনিয়োগ করলেও সেন্সর বোর্ডে জমা দেওয়ার সময় প্রযোজক হিসেবে তাঁর নাম বাদ দেওয়া হয়েছে। এই নিয়ে তিনি সেন্সর বোর্ডেও একটি লিখিত অভিযোগ জমা দিয়েছেন।
তবে সব নেতিবাচক বিতর্ক পাশে ঠেলে নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল জানান, তিনি আদালতের নির্দেশনা মেনেই সিনেমাটি ঈদে মুক্তির সিদ্ধান্ত নিয়েছেন। সর্বশেষ শুনানিতে আদালত স্পষ্ট জানিয়েছেন যে সিনেমাটি মুক্তি পাবে এবং মুক্তির পর এর লাভ-ক্ষতির হিসাব দুই পক্ষ বুঝে নেবেন।
সিনেমাটি নিয়ে নিজের দীর্ঘ জার্নির কথা উল্লেখ করে মাসুদ হাসান উজ্জ্বল বলেন, "বনলতা সেন একটি বিশেষ সিনেমা। জীবনানন্দ দাশকে নিয়ে কাজ করা অনেক বড় দায়বদ্ধতার বিষয়। এর পেছনে আমি ১০ বছর সময় ব্যয় করেছি। তাই এখন অন্য কোনো বিতর্কে কান না দিয়ে সিনেমাটি কীভাবে বেশিসংখ্যক দর্শকের কাছে পৌঁছে দেওয়া যায়, সেই পরিকল্পনা করছি। আমি আদালতের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধাশীল।"
কবি জীবনানন্দ দাশের বিখ্যাত কবিতার চরিত্র ‘বনলতা সেন’-কে কেন্দ্র করে গড়ে উঠেছে এই সিনেমার গল্প। এতে নামভূমিকায় অভিনয় করেছেন ‘আয়নাবাজি’ খ্যাত অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা এবং জীবনানন্দ দাশের চরিত্রে দেখা যাবে অভিনেতা খায়রুল বাসারকে। এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন গাজী রাকায়েত, সোহেল মণ্ডল, প্রিয়ন্তী উর্বীসহ আরও অনেকে।
পরিচালক জানিয়েছেন, পোস্টার প্রকাশের মধ্য দিয়ে ‘বনলতা সেন’-এর আনুষ্ঠানিক প্রচারণা শুরু হলো। ঈদের আগেই পর্যায়ক্রমে সিনেমার টিজার, ট্রেলার এবং দুটি মৌলিক গান প্রকাশ করা হবে।
|