বাগদান সেরেছেন লুবাবা, বিয়ে নির্ধারিত সময়ে

বাগদান সেরেছেন লুবাবা, বিয়ে নির্ধারিত সময়ে

বিনোদন ডেস্ক: বাল্যবিবাহ করেছেন লুবাবা—এমন খবরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে রীতিমতো তোলপাড় সৃষ্টি হয়েছে। তবে চব্বিশ ঘণ্টা না পেরোতেই নিজের বিয়ে নিয়ে নতুন বক্তব্য দিয়েছেন এই শিশুশিল্পী। সিমরিন লুবাবা গণমাধ্যমকে জানিয়েছে, সে এখনই বিয়ে করেনি, তবে পারিবারিকভাবে তার আংটিবদল সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বাগদত্তার সঙ্গে ছবি পোস্ট করে লুবাবা লিখেছিল, ‘আলহামদুলিল্লাহ। আমাদের দুই পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী ঘরোয়া পরিবেশে আমাদের বাগদান সম্পন্ন হয়েছে।’

গত রাতে লুবাবার সেই পোস্ট ঘিরে বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়লে বুধবার সন্ধ্যায় আরেকটি পোস্টের মাধ্যমে বিষয়টি পরিষ্কার করে সে। বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ অনুসারে ১৮ বছরের কম বয়সী মেয়ে ও ২১ বছরের কম বয়সী ছেলের বিয়ে দণ্ডনীয় অপরাধ। লুবাবার বয়স এখনো ১৮ বছর না হওয়ায় বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হয়। এর পরিপ্রেক্ষিতে লুবাবা ফেসবুকে লিখেছে, ‘বাংলাদেশ সরকারের আইন অনুযায়ী নির্ধারিত সময়ে আমাদের বিবাহ সম্পন্ন হবে, ইনশাআল্লাহ। আমরা সকলের কাছে দোয়া প্রার্থী।’

উল্লেখ্য, শৈশব থেকেই বিনোদন অঙ্গনের পরিচিত মুখ সিমরিন লুবাবা। প্রয়াত খ্যাতিমান অভিনেতা আবদুল কাদেরের নাতনি হিসেবে অল্প বয়সেই অভিনয়ে হাতেখড়ি তার। শিশুশিল্পী হিসেবে জনপ্রিয়তা পাওয়ার পর নিয়মিত অভিনয় ও মডেলিং করলেও গত বছরের শেষ দিকে হঠাৎ ঘোষণা দিয়ে বিনোদন অঙ্গন থেকে নিজেকে সরিয়ে নেয় সে।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন