ফজরের জামাতে উপচে পড়া ভিড়, বিশ্বজুড়ে আলোচনায় ‘রিজালুল ফজর’

প্রকাশ: রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৬:১৪ অপরাহ্ণ
ফজরের জামাতে উপচে পড়া ভিড়, বিশ্বজুড়ে আলোচনায় ‘রিজালুল ফজর’

আন্তর্জাতিক ডেস্ক: ফজরের নামাজে মসজিদে মুসল্লিদের উপস্থিতি কম থাকার চিরচেনা দৃশ্য এবার বদলাতে শুরু করেছে। আফ্রিকার গণ্ডি পেরিয়ে মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে ‘রিজালুল ফজর’ বা ‘মেন অফ ফজর’ নামের বিশেষ উদ্যোগ। এর ফলে ফজরের জামাতে চোখে পড়ার মতো মুসল্লির সমাগম দেখা যাচ্ছে।

সম্প্রতি কুয়েতভিত্তিক গণমাধ্যম কুয়েত টাইমস এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, কুয়েতে ‘মেন অফ ফজর’ উদ্যোগ চালুর পর ফজরের নামাজে মসজিদে মুসল্লিদের ভিড় কয়েক গুণ বেড়েছে। গত শুক্রবার বায়ানের মোজা মুহাম্মদ সালেম মসজিদে পাঁচ শতাধিক মুসল্লি জড়ো হন, যেখানে শিশুদের পাশাপাশি অভিভাবকেরাও ছিলেন। শিশু ও কিশোর-তরুণদের মধ্যে মসজিদে গিয়ে ফজরের নামাজ পড়ার অভ্যাস গড়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

যে কয়েকটি আরব ও মুসলিম দেশে এ উদ্যোগ সাড়া ফেলেছে, কুয়েত তার অন্যতম। চলতি মাসের শুরুতে আফ্রিকার দেশ আলজেরিয়ায় প্রথম এ উদ্যোগের সূচনা হয়। এরপর তা মরক্কো, সিরিয়া, ফিলিস্তিনসহ উত্তর আফ্রিকা ও পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। এমনকি যুক্তরাষ্ট্র ও কানাডার কয়েকটি মসজিদেও এ কার্যক্রম শুরু হয়েছে।

কুয়েতে এ উদ্যোগের সূচনা করেন সমাজকর্মী ইউসুফ আল-ওমরান, যিনি ‘বু জাররাহ’ নামে পরিচিত। এ কার্যক্রমের আওতায় অভিভাবকদের উদ্বুদ্ধ করা হয়, যেন তাঁরা সন্তানদের সঙ্গে নিয়ে মসজিদে জামাতে ফজরের নামাজ আদায় করেন। এর মধ্য দিয়ে শৈশব থেকেই শিশুদের সঙ্গে মসজিদের আত্মিক সম্পর্ক ও নামাজের প্রতি ভালোবাসা তৈরি হয়।

আয়োজকদের ভাষ্যমতে, মোজা মুহাম্মদ সালেম মসজিদে মুসল্লিদের উপস্থিতি প্রত্যাশা ছাড়িয়ে গেছে। মসজিদের ভেতর পেরিয়ে বাইরের আঙিনাও ভরে যায়, যা স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের প্রমাণ দেয়।

পরিবার ও শিশুদের নিয়ে অনুষ্ঠিত ওই জামাতে ইমামতি করেন শেখ আহমদ আল-নাফিস। নতুন প্রজন্মকে মসজিদের সঙ্গে সম্পৃক্ত রাখার অভিন্ন লক্ষ্য নিয়ে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেন যুব ও ক্রীড়াবিষয়ক প্রতিমন্ত্রী ড. তারেক আল-জালাহমা, সামাজিক যোগাযোগমাধ্যমের পরিচিত মুখ এবং সমাজকর্মীরা।

আয়োজক বু জাররাহ জানান, এটি কেবল ফজরের জামাতে উপস্থিতির মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং একটি বিস্তৃত সামাজিক বার্তা। এমন একটি প্রজন্ম তৈরি করাই এর উদ্দেশ্য, যারা নামাজে নিয়মিত থাকবে এবং মসজিদে যাতায়াতকে দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে গ্রহণ করবে।

জানা গেছে, আলজেরিয়ার এক শিক্ষক প্রথম এ উদ্যোগ চালু করেন শিশুদের ফজরের নামাজে আগ্রহী করে তুলতে। শিশুদের উৎসাহিত করতে সেখানে একটি বিশেষ প্রণোদনা ব্যবস্থাও রাখা হয়েছে—যারা টানা ৪০ দিন মসজিদে ফজরের জামাতে অংশ নেয়, তাদের পুরস্কৃত করা হয়।

একাধিক দেশে দ্রুত জনপ্রিয়তা পাওয়ায় ‘মেন অব ফজর’ এখন একটি ক্রমবর্ধমান সামাজিক আন্দোলনে রূপ নিয়েছে। ধর্মীয় অনুশীলনকে কেন্দ্র করে পরিবারগুলোকে এক সুতোয় বাঁধার পাশাপাশি সন্তানের আধ্যাত্মিক অভ্যাস গঠনে অভিভাবকদের সক্রিয় ভূমিকা রাখতে উদ্বুদ্ধ করছে এ উদ্যোগ।

এআইএল/সকালবেলা