আন্তর্জাতিক ফিকহ সম্মেলনে যোগ দিতে মালয়েশিয়া গেলেন মুফতি মিজানুর রহমান সাঈদ
আমিরুল ইসলাম লুকমান, সকালবেলা অনলাইন: ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) অধিভুক্ত আন্তর্জাতিক ইসলামিক ফিকহ একাডেমি (আইআইএফএ) আয়োজিত ২৭তম অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অংশ নিতে যাচ্ছেন মুফতি মিজানুর রহমান সাঈদ।
২৯ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত মালয়েশিয়ার পুত্রাজায়ায় এ আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে যোগ দিতে আজ রবিবার দুপুর ১২টায় একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেছেন তিনি।
এ সফর ও সম্মেলনে অংশগ্রহণের বিষয়ে ইতিমধ্যে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে। মুফতি মিজানুর রহমান সাঈদ শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার ঢাকার প্রতিষ্ঠাতা মহাপরিচালক এবং আইআইএফএর সদস্য হিসেবে সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।
সম্মেলনের মূল আলোচ্য বিষয়ের মধ্যে রয়েছে—ধর্ষণের কারণে গর্ভপাতের শরয়ী বিধান, তালাক ও খুলা-এর বিস্তার রোধে করণীয় বা এর প্রতিকার এবং মুসলিম পরিবারের সমসাময়িক চ্যালেঞ্জসমূহ ও তা মোকাবিলার উপায়।
সফর উপলক্ষে এক বার্তায় মুফতি মিজানুর রহমান সাঈদ জানান, ওআইসি-অধিভুক্ত এই আন্তর্জাতিক সেমিনারে অংশগ্রহণের পাশাপাশি মালয়েশিয়ায় অবস্থানরত সম্মানিত উলামায়ে কেরাম, মাশায়েখ ও প্রিয়জনদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময়ের সুযোগ হবে বলে তিনি আশা করছেন। এ ছাড়া এ সফরের নিরাপদ ও কল্যাণময় সমাপ্তির জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন তিনি।
সংশ্লিষ্টরা মনে করছেন, এ সম্মেলনে অংশগ্রহণের মাধ্যমে দ্বীনি শিক্ষা, গবেষণা, আন্তর্জাতিক সহযোগিতা ও ইসলামি মূল্যবোধের প্রসার ঘটবে। পাশাপাশি শিক্ষামূলক, গবেষণামূলক ও দাওয়াতি প্রকৃতির এই আয়োজনে বাংলাদেশের অংশগ্রহণ আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে।
এআইএল/সকালবেলা