দায়িত্বে অবহেলা ও বিদেশ গমন: কালিয়াকৈরে চিকিৎসকের বিরুদ্ধে তদন্ত

দায়িত্বে অবহেলা ও বিদেশ গমন: কালিয়াকৈরে চিকিৎসকের বিরুদ্ধে তদন্ত

ফজলে রাব্বি, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিনের অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে। বিশেষ করে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. নাজমুন নাহার ইতির বিরুদ্ধে অনুমতি ছাড়া বিদেশ গমন ও নিয়মিত কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে সাধারণ রোগীদের মাঝে ক্ষোভ বিরাজ করছে।

সম্প্রতি স্থানীয়দের পক্ষ থেকে দাখিল করা এক লিখিত অভিযোগে জানানো হয়, ডা. নাজমুন নাহার ইতি সরকারি বিধি লঙ্ঘন করে হাসপাতালে অবস্থান না করে বাইরে বসবাস করছেন। এছাড়া তিনি যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই একাধিকবার বিদেশ ভ্রমণ করেছেন। তথ্যমতে, ২০২৫ সালের ২৯ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত এবং এর আগে ২০২৪ সালের শেষভাগেও তিনি বিদেশে অবস্থান করেছিলেন।

আরএমও-র দীর্ঘ অনুপস্থিতির ফলে জরুরি চিকিৎসা ও প্রসূতি সেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। হাসপাতালে অ্যানেস্থেশিয়া চিকিৎসকের অভাবে সিজারিয়ান অপারেশন বন্ধ রয়েছে এবং এক্স-রে সেবাও পাওয়া যাচ্ছে না। অভিযোগ রয়েছে, রোগীদের সুকৌশলে বিভিন্ন বেসরকারি ক্লিনিকে পাঠিয়ে দেওয়া হয়। এর ফলে এলাকায় গড়ে ওঠা অবৈধ ক্লিনিকে ভুল চিকিৎসায় মৃত্যুর ঝুঁকি বাড়ছে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাদিয়া তাসনীম মুনমুন জানান, অভিযোগগুলো যাচাই-বাছাই করা হচ্ছে এবং প্রমাণ সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। 

গাজীপুরের সিভিল সার্জন ডা. মামুনুর রহমান বলেন, “অনুমতি ছাড়া বিদেশ গমন গুরুতর শৃঙ্খলাভঙ্গ। তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”

এসব বিষয়ে অভিযুক্ত ডা. নাজমুন নাহার ইতির কোনো মন্তব্য পাওয়া যায়নি। উল্লেখ্য, ১২ বছর ধরে একই কর্মস্থলে বহাল থাকা এই চিকিৎসকের বিরুদ্ধে আগেও বদলির আদেশ হলেও তা কার্যকর হয়নি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন