দুর্গাপুর হাসপাতালে বিদ্যুৎ নিশ্চিতে স্পিকারের উদ্যোগ
নূর আলম, দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সোলার ইনভার্টার, লিথিয়াম ব্যাটারি ও অটোমেটিক চেঞ্জওভার সুইচ স্থাপন করা হয়েছে। জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের পদক্ষেপে এসব সরঞ্জাম স্থাপন করা হয়।
বুধবার (১২ আগস্ট) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে আনুষ্ঠানিকভাবে এই বিদ্যুৎ ব্যবস্থার উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ সাদাত, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল ওমর ফারুক, আবাসিক মেডিকেল অফিসার তানজিরুল ইসলাম রায়হানসহ হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় সাংবাদিকরা।
হাসপাতাল সূত্রে জানা গেছে, এর আগে বিদ্যুৎ বিভ্রাট হলে হাসপাতালের ইনডোর, আউটডোর ও জরুরি বিভাগে চিকিৎসা কার্যক্রম ব্যাহত হতো। প্রায় ৫ কিলোওয়াট ক্ষমতার নতুন সোলার ইনভার্টার ও অটো চেঞ্জওভার সুইচ স্থাপনের ফলে এখন বিদ্যুৎ চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই স্বয়ংক্রিয়ভাবে বিকল্প বিদ্যুৎ চালু হবে, যা নিরবচ্ছিন্ন চিকিৎসাসেবা নিশ্চিতে বড় ভূমিকা রাখবে।
রোগীর স্বজনেরা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল ওমর ফারুক এবং ইউএনও আহমেদ সাদাত জানান, ভারপ্রাপ্ত স্পিকারের দিকনির্দেশনায় ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে হাসপাতালের ঘাটতি পূরণে ধারাবাহিকভাবে বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করা হচ্ছে, যা স্বাস্থ্যসেবার মান বাড়াতে সহায়তা করবে।
এআইএল/সকালবেলা
|