ইন্টার্নদের কর্মবিরতি ও দালালচক্র: রামেক হাসপাতালে হাহাকার
আবু কাওসার মাখন, রাজশাহী: রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসা সেবার মান এবং অব্যবস্থাপনা নিয়ে সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। একদিকে চিকিৎসক ও নার্সদের অসৌজন্যমূলক আচরণ, অন্যদিকে ইন্টার্ন চিকিৎসকদের আকস্মিক কর্মবিরতিতে স্থবির হয়ে পড়েছে হাসপাতালের সেবা কার্যক্রম।
ভুক্তভোগী ও তাঁদের স্বজনদের অভিযোগ, সরকারি এই হাসপাতালে বিনামূল্যে বা স্বল্পমূল্যে সেবা পাওয়ার কথা থাকলেও রোগীদের পরীক্ষা-নিরীক্ষার জন্য বাইরের বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে যেতে বাধ্য করা হচ্ছে। এছাড়া হাসপাতালকে ঘিরে গড়ে উঠেছে প্রভাবশালী দালাল ও গাড়ি সিন্ডিকেট। মরদেহ বহনের ক্ষেত্রে নির্দিষ্ট সিন্ডিকেটের গাড়ি ছাড়া অন্য কোনো যানবাহন প্রবেশ করতে না দেওয়ায় স্বজনদের গুনতে হচ্ছে কয়েক গুণ বাড়তি ভাড়া।
স্বজনদের হাতে সহকর্মী লাঞ্ছিত হওয়ার অভিযোগ তুলে নিরাপত্তা নিশ্চিতের দাবিতে ২৪ ঘণ্টার কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। তাঁদের এই কর্মসূচির ফলে হাসপাতালের সাধারণ ওয়ার্ডগুলোতে চিকিৎসা সেবা প্রায় বন্ধ হয়ে গেছে। জরুরি বিভাগ সচল থাকলেও চিকিৎসকের অভাবে দূর-দূরান্ত থেকে আসা রোগীরা চরম ভোগান্তিতে পড়েছেন।
রাজশাহী স্বার্থ সংরক্ষণ কমিটির সদস্য সচিব মো. মাফুজুল হুসাইন হিকোল বলেন, “চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি দালালচক্র ও চিকিৎসা বাণিজ্য কঠোরভাবে দমন করতে হবে। সরকারি হাসপাতালে ডাক্তারদের ফি এবং পরীক্ষা-নিরীক্ষার নামে হয়রানি বন্ধ না করলে পরিস্থিতির উন্নতি সম্ভব নয়।” সংগঠনটির পক্ষ থেকে হাসপাতাল ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের দাবি জানানো হয়েছে।
দ্রুত এই সংকট নিরসনে হাসপাতাল কর্তৃপক্ষ ও প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগী সাধারণ মানুষ।
এ.আই.এল/সকালবেলা
|