স্বাস্থ্যকেন্দ্রে তালা, নেই চিকিৎসক: দেয়াল টপকে ভেতরে ঢুকলেন এমপি
বিশেষ প্রতিনিধি, গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে একটি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র আকস্মিকভাবে পরিদর্শনে গিয়ে তা তালাবদ্ধ পেয়েছেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক ডা. রফিকুল ইসলাম।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে পরিদর্শনে গেলে এ ঘটনা ঘটে। পরিদর্শনের সময় প্রধান ফটকে তালা ঝুলতে দেখে বেশ কিছুক্ষণ অপেক্ষা করেন এমপি। পরবর্তীতে তিনি দেয়াল টপকে ও কাঁটাতারের বেড়া সরিয়ে তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। সেখানে গিয়ে কোনো চিকিৎসক বা মেডিকেল অফিসারকে দেখতে পাননি তিনি।
অধ্যাপক ডা. রফিকুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, কেন্দ্রটিতে কোনো চিকিৎসক ও দায়িত্বশীল কর্মকর্তা নেই। কিছু কর্মচারী ভেতরে বসে আড্ডা দিচ্ছিলেন। চিকিৎসা সেবা ব্যাহত হওয়ার এই বিষয়ে সংশ্লিষ্ট মহাপরিচালকের সাথে আলোচনা করা হয়েছে এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ফটকে তালা থাকার বিষয়ে ইউনিয়ন ফ্যামিলি প্ল্যানিং ইনস্পেক্টর হাসান আল মামুন দাবি করেন, চাবি ভুলবশত বাড়িতে থেকে গিয়েছিল। এদিকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আপেল মাহমুদ জানান, ওই কেন্দ্রটিতে অনুমোদিত পাঁচটি পদের বিপরীতে বর্তমানে কোনো স্থায়ী জনবল নেই; মূলত মাঠকর্মীরা সেখান থেকে কার্যক্রম পরিচালনা করেন।
এআইএল/সকালবেলা