দৌলতপুরে জোড়ালাগা সেই যমজ শিশুর মৃত্যু

প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ণ
দৌলতপুরে জোড়ালাগা সেই যমজ শিশুর মৃত্যু

কাঞ্চন কুমার, কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরের বুক ও পেট জোড়া লাগানো যমজ শিশু জয়নব ও উম্মে কুলসুম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

বুধবার (১২ আগস্ট) সন্ধ্যার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনিন্দ্য গুহ।

উপজেলার প্রাগপুর ইউনিয়নের বিলগাথুয়া গ্রামের নাহিদ হাসান ও সানজিদা ইয়াসমিন মুক্তা দম্পতির ঘরে গত ৪ মে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে জন্ম নেয় এই জোড়ালাগা কন্যাসন্তান। অসচ্ছল পরিবারের পক্ষে অস্ত্রোপচারের ব্যয় বহন করা অসম্ভব হওয়ায় বিষয়টি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রচারিত হয়। পরবর্তীতে স্বাস্থ্য মন্ত্রণালয় শিশু দুটির চিকিৎসাসহ আনুষঙ্গিক সব খরচ বহনের দায়িত্ব গ্রহণ করে।

স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশনায় সোমবার শিশু দুটিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দুপুরে তাদের শারীরিক অবস্থার চরম অবনতি হলে আইসিইউতে স্থানান্তর করা হয়। পরবর্তীতে সন্ধ্যার দিকে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ্য গুহ বলেন, সরকারি ব্যবস্থায় ঢাকায় নেওয়ার পর আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শিশু দুটির মৃত্যু হয়। জয়নব ও উম্মে কুলসুমকে সুস্থ জীবনে ফিরিয়ে আনার সব চেষ্টা ব্যর্থ হওয়ায় পরিবার ও এলাকাবাসীর মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন