জনবলসংকটে কামারখাল উপস্বাস্থ্যকেন্দ্রে সেবা ব্যাহত
মো. মুকিম উদ্দিন, জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নে অবস্থিত কামারখাল উপস্বাস্থ্যকেন্দ্রে দীর্ঘদিন ধরে তীব্র জনবলসংকট চলায় সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
রোববার (২৩ আগস্ট) সরেজমিনে গিয়ে দেখা যায়, নিয়মিত চিকিৎসক ও প্রয়োজনীয় জনবল না থাকায় কেন্দ্রটির দরজা সপ্তাহের অধিকাংশ সময় তালাবদ্ধ থাকে। ফলে দূরদূরান্ত থেকে আসা রোগীরা সেবা না পেয়ে ফিরে যেতে বাধ্য হচ্ছেন।
সাপ্তাহিক কর্মদিবসের অধিকাংশ দিনই পদায়নকৃত উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসারকে প্রেষণে অন্যান্য স্থানে দায়িত্ব পালন করতে হয়। এর ফলে জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়নসহ পাশের শান্তিগঞ্জ ও দিরাই উপজেলার অন্তত তিন লাখ সাধারণ মানুষ সাধারণ চিকিৎসা থেকেও বঞ্চিত হচ্ছেন। এক শ বছরের পুরোনো ১৯২৬ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানে বর্তমানে মেডিকেল অফিসার, ফার্মাসিস্ট ও অফিস সহকারীসহ অধিকাংশ পদই শূন্য।
উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার শহিদুল্লাহ কায়সার জানান, জনবল না থাকায় সপ্তাহে মাত্র দুদিন শতাধিক রোগীকে একা চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে তাঁকে। অবিলম্বে এটিকে ২০ শয্যায় উন্নীত করে স্থায়ী চিকিৎসক নিয়োগের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
এ বিষয়ে সুনামগঞ্জের সিভিল সার্জন ডালিম জসিম উদ্দিন জানান, পুরো জেলাতেই চিকিৎসকসংকট রয়েছে, তবে জগন্নাথপুরে পরিস্থিতি বেশি নাজুক। শূন্য পদের চাহিদা জানিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে অবহিত করা হয়েছে।
এআইএল/সকালবেলা
|