কাদের চিয়া সিড খাওয়া উচিত নয়: বিশেষজ্ঞের পরামর্শ

কাদের চিয়া সিড খাওয়া উচিত নয়: বিশেষজ্ঞের পরামর্শ

পুষ্টিগুণে ভরপুর সুপার ফুড হিসেবে খ্যাত চিয়া সিড ইদানীং স্বাস্থ্যসচেতনদের ডায়েটে বেশ জনপ্রিয়। তবে এই বীজ সবার স্বাস্থ্যের জন্য নিরাপদ নয়। এমনকি অতিরিক্ত গ্রহণে হিতে বিপরীত হতে পারে। ঢাকার পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মেডিসিন বিশেষজ্ঞ ও সহকারী অধ্যাপক ডা. সাইফ হোসেন খান চিয়া সিড খাওয়ার ঝুঁকির দিকগুলো নিয়ে গুরুত্বপূর্ণ সতর্কতা দিয়েছেন।

যাঁদের জন্য চিয়া সিড ঝুঁকিপূর্ণ

  • হজমের সমস্যা: চিয়া সিড উচ্চ আঁশযুক্ত (Fiber)। যাদের ইরিটেবল বাওয়েল সিনড্রোম (IBS) বা ইনফ্ল্যামেটরি বাওয়েল ডিজিজ (IBD) আছে, তাদের ক্ষেত্রে এটি পেটে অস্বস্তি ও হজমে ব্যাঘাত ঘটাতে পারে।

  • গিলতে অসুবিধা: যাদের খাবার গিলতে সমস্যা হয়, চিয়া সিড তাদের খাদ্যনালিতে আটকে গিয়ে বিপজ্জনক পরিস্থিতি তৈরি করতে পারে।

  • নিম্ন রক্তচাপ: চিয়া সিড রক্তচাপ কমাতে সাহায্য করে। তাই যাঁদের রক্তচাপ স্বাভাবিকের চেয়ে কম থাকে, তাদের জন্য অতিরিক্ত চিয়া সিড ক্ষতিকর।

  • অ্যালার্জি: চিয়া সিডে অনেকের অ্যালার্জি থাকতে পারে। এর ফলে চুলকানি, ত্বক লাল হওয়া, বমি বা শ্বাসকষ্টের মতো সমস্যা হতে পারে।

  • গ্যাস্ট্রোপ্যারেসিস: পরিপাকতন্ত্রের স্বাভাবিক গতিশীলতা যাদের কম, তাদের ক্ষেত্রে এটি সহজে পরিপাক হয় না।

ওষুধের সাথে বিশেষ সতর্কতা

তিন ধরনের ওষুধ সেবনকারীদের চিয়া সিড খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে: ১. রক্ত পাতলা রাখার ওষুধ: অ্যাসপিরিন জাতীয় ওষুধ যারা খান, চিয়া সিড তাদের রক্ত আরও পাতলা করে দিতে পারে, যা রক্তক্ষরণের ঝুঁকি বাড়ায়। ২. ডায়াবেটিসের ওষুধ: ওষুধের পাশাপাশি চিয়া সিড খেলে রক্তে সুগারের মাত্রা অতিরিক্ত কমে গিয়ে হাইপোগ্লাইসেমিয়া (বুক ধড়ফড় করা, ঘাম হওয়া, জ্ঞান হারানো) হতে পারে। ৩. উচ্চ রক্তচাপের ওষুধ: রক্তচাপ নিয়ন্ত্রণের ওষুধের সাথে চিয়া সিড খেলে প্রেশার বিপজ্জনক মাত্রায় কমে যেতে পারে।

সুস্থদের জন্য সঠিক নিয়ম

  • ভিজিয়ে খাওয়া: কখনোই শুকনা চিয়া সিড খাবেন না। খাওয়ার অন্তত ১০-১৫ মিনিট আগে এক টেবিল চামচ বীজের জন্য তিন টেবিল চামচ পানি বা দুধ দিয়ে ভিজিয়ে রাখুন।

  • পরিমাণ: দিনে এক থেকে দুই টেবিল চামচের বেশি চিয়া সিড গ্রহণ করা উচিত নয়।

  • বিরতি: একটানা দীর্ঘদিন না খেয়ে সপ্তাহে দুই-তিন দিন খাওয়া ভালো।

মনে রাখবেন, চিয়া সিড কোনো ওষুধের বিকল্প নয়। কোনো দীর্ঘমেয়াদি রোগ থাকলে ডায়েটে এটি যোগ করার আগে আপনার চিকিৎসকের সাথে কথা বলে নিন।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন