বাঁশখালীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি মেডিকেল ক্যাম্প
উপজেলা প্রতিনিধি, বাঁশখালী (চট্টগ্রাম): চট্টগ্রামের বাঁশখালীর বন্যাদুর্গত বাহারছড়া, ছনুয়া ও কাথারিয়া এলাকায় পানিবাহিত রোগের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় জরুরি মেডিকেল ক্যাম্প স্থাপন করে চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়েছে।
গতকাল মঙ্গলবার দিনব্যাপী বাহারছড়া ইউনিয়নে বানভাসি মানুষের বিনামূল্যে চিকিৎসাসেবা নিশ্চিতে এ স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমা আক্তারের সার্বিক ব্যবস্থাপনায় ক্যাম্পে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. ফজলে রাব্বি ও চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম।
ক্যাম্পে রোগীদের চিকিৎসা প্রদান করেন বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মুমিনুল হক, ডা. সাইফুল আমিন, ডা. সৌরভ দেব বাপ্পি, ডা. রাশেদুল ইসলাম, ডা. জুলকার নাইন, ডা. পিনাকী দাশ, ডা. মিফতুল মান্নান খান, ডা. উপাসনা বড়ুয়া ও ডা. লুবা বিনতে আহমেদ।
এ আয়োজনে মাঠপর্যায়ে সহায়তা করেন স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, সিএইচসিপি এবং স্বাস্থ্য সহকারীবৃন্দ।
চিকিৎসাসেবার পাশাপাশি দুর্গতদের মাঝে বিনামূল্যে ওরস্যালাইন, মেট্রোনিডাজল, অ্যান্টিআলসার ও আয়রন-ফলিক অ্যাসিডের মতো প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। সাধারণ রোগী ছাড়াও অসংখ্য নারী ও শিশু এ সেবা গ্রহণ করেন।
মানবিক এই উদ্যোগের জন্য চিকিৎসক ও সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে বাহারছড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রেজাউল করিম চৌধুরী ইউনুস মুন্সি বলেন, "বন্যাদুর্গত মানুষের পাশে চিকিৎসক দলের এভাবে এগিয়ে আসা অত্যন্ত প্রশংসনীয়। মহান আল্লাহ সবার মানবসেবামূলক কার্যক্রম কবুল করুন।"
এআইএল/সকালবেলা
|