হামের রোগীদের দায়িত্বপ্রাপ্ত ডাক্তার ও নার্সদের ঈদের ছুটি বাতিল
নিজস্ব প্রতিবেদক: হামের রোগী ও জরুরি স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট ডাক্তার ও নার্সদের আসন্ন ঈদে কোনো ছুটি হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
শনিবার (২৩ মে) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই তথ্য নিশ্চিত করেন।
যেসব হাসপাতালে হামে আক্রান্ত শিশুরা ভর্তি আছে, সেগুলোতে ঈদের ছুটির মধ্যে চিকিৎসকরা থাকবেন কি না— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডাক্তার-নার্সরা কর্মস্থলে থাকবেন ইনশাল্লাহ। আমরা অলরেডি এই বিষয়ে একটি সার্কুলার জারি করেছি। আপনারা আশ্বস্ত হতে পারেন, আমরা সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছি। উদ্ভূত পরিস্থিতিতে হামের রোগী এবং জরুরি স্বাস্থ্য সেবাতে নিয়োজিত কোনো ডাক্তারের বা নার্সের ছুটি হবে না, সবাইকে কর্মস্থলে থাকতে হবে।
ভ্যাকসিন নেওয়ার পরও আক্রান্ত হওয়ার বিষয়ে সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভ্যাকসিন নিলেই যে একটি বাচ্চা শতভাগ হাম থেকে সুরক্ষিত থাকবে, এটা কিন্তু নিশ্চিত করে বলা যায় না। যেমন স্মল পক্স কিংবা কলেরা পুরোপুরি নির্মূল হওয়ার পরও ক্ষেত্রবিশেষে মানুষ আক্রান্ত হচ্ছে। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতার ওপরও অনেক কিছু নির্ভর করে। তবে ভাইরাসটি যদি বেশি মাত্রায় ছড়িয়ে যায়, তবে ক্ষেত্র বিশেষে এমন সংক্রমণ হতেও পারে।
ঈদের ছুটিতে মায়েদের প্রতি বিশেষ অনুরোধ জানিয়ে মন্ত্রী বলেন, এই ছুটির সময়ে মায়েরা যেন আক্রান্ত শিশুদের কোনোভাবেই আত্মীয়-স্বজনের বাড়িতে বা বেশি জনসমাগম ও ভিড় রয়েছে এমন কোনো জায়গায় নিয়ে না যান। শিশুদের এই সময়ে সাবধানে রাখার আহ্বান জানান তিনি।
|