সিলেটে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৫

প্রকাশ: বুধবার, ০৬ মে ২০২৬, ১২:৩৫ অপরাহ্ণ
সিলেটে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৫

নিজস্ব প্রতিবেদক: সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে পাঁচজনের দেহে ল্যাব পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে।

বুধবার (৬ মে ২০২৬) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। নতুন এই মৃত্যুসহ সিলেট বিভাগে হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ জনে।

হামের উপসর্গে মারা যাওয়া শিশুটির বয়স মাত্র আট মাস। তার নাম রায়হান। সে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার কাসাইপুর গ্রামের সাইদুর রহমানের ছেলে। সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্বাস্থ্য বিভাগের প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪৮ জন হামের উপসর্গ নিয়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ৩১ জন রোগী ভর্তি হয়েছে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে। বাকিরা বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আকস্মিক হামের প্রকোপ বাড়ায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তবে চিকিৎসকরা আতঙ্কিত না হয়ে শিশুদের দ্রুত টিকাদান কেন্দ্রে নিয়ে যাওয়ার পরামর্শ দিচ্ছেন।

মন্তব্য করুন