হামের শতভাগ টিকাদানের লক্ষ্য অর্জনের আশাবাদ উপদেষ্টা ডা. জাহেদের

প্রকাশ: বুধবার, ০৬ মে ২০২৬, ১২:২৮ অপরাহ্ণ
হামের শতভাগ টিকাদানের লক্ষ্য অর্জনের আশাবাদ উপদেষ্টা ডা. জাহেদের

নিজস্ব প্রতিবেদক: সরকারের নেওয়া বিশেষ কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সি ১ কোটি ৬১ লাখ শিশু হাম-রুবেলা টিকা পেয়েছে, যা মোট লক্ষ্যমাত্রার ৮৯ শতাংশ। সরকার আগামী কয়েক দিনের মধ্যেই শতভাগ লক্ষ্য অর্জন করতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

সচিবালয়ে তথ্য অধিদফতরের সভাকক্ষে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান। পরবর্তীতে বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজেও ব্রিফিংয়ের মূল বিষয়গুলো প্রকাশ করা হয়।

সাম্প্রতিক সময়ে হামের সংক্রমণ ও শিশু মৃত্যুর ঘটনা প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, নির্দিষ্ট সময়ে শিশুদের কেন হামের টিকা দেওয়া হয়নি- তা গুরুত্বের সাথে খতিয়ে দেখা হবে। তিনি স্পষ্ট করে বলেন, “শিশু মৃত্যু ঘটাতে চায়, এরকম কোনো খারাপ বা নেতিবাচক উদ্দেশ্য অন্তর্বর্তীকালীন সরকারের ছিল না। তবে কেন এই ঘটনা ঘটেছে এবং কোথায় গাফিলতি ছিল তা আমাদের খতিয়ে দেখা দরকার আছে। আমি ইতোমধ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে কথা বলেছি। পুরো বিষয়টি তদন্ত করা হবে।”

ডা. জাহেদ উর রহমান জানান, চিকিৎসা খাতের সক্ষমতা বাড়াতে গত বৃহস্পতিবার ঢাকার আগারগাঁওয়ে ২৫০ শয্যার টিবি হাসপাতালে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যক্ষ্মা রোগ দ্রুত শনাক্তে ব্যবহৃত ৬ লাখ জিনএক্সপার্ট কার্ট্রিজ এবং ১১ হাজার শিশুর জন্য বিশেষ যক্ষ্মা প্রতিরোধী ওষুধ অনুদান হিসেবে পাওয়া গেছে।

তিনি আরও জানান, টিকাদান কর্মসূচিকে শতভাগ সফল করতে চলতি সপ্তাহে ইউনিসেফ ও গ্যাভি’র (GAVI) সহায়তায় হাম-রুবেলা টিকাদানের জন্য প্রয়োজনীয় আরও ২২ লাখ মিক্সিং সিরিঞ্জ দেশে এসে পৌঁছেছে। ফলে টিকার সংকট কেটে গেছে এবং দ্রুতই বাকি শিশুদেরও এই সেবার আওতায় আনা হবে।

মন্তব্য করুন