রাশিয়া থেকে দেশে এলো কুষ্টিয়ার অনিকের লাশ

প্রকাশ: রবিবার, ০২ আগস্ট ২০২৬, ০৭:২৯ অপরাহ্ণ
রাশিয়া থেকে দেশে এলো কুষ্টিয়ার অনিকের লাশ

কাঞ্চন কুমার (কুষ্টিয়া): রাশিয়ায় উচ্চশিক্ষা গ্রহণ করতে গিয়ে ভবন থেকে নিচে পড়ে নিহত হওয়া কুষ্টিয়ার তরুণ সুফী অনিকের (২৭) মরদেহ অবশেষে দেশে পৌঁছেছে।

রোববার (২ আগস্ট) দুপুরে সদর উপজেলার আইলচারা ইউনিয়নের সওড়াতলা এলাকায় তাঁর নিজ বাড়িতে মরদেহ পৌঁছালে এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। স্বজনদের আহাজারিতে পুরো এলাকায় নেমে আসে গভীর শোকের ছায়া।

নিহত অনিক সওড়াতলা গ্রামের কৃষক মানোয়ার বিশ্বাসের ছেলে। তিনি রাশিয়ার চেলিয়াবিনস্কে অবস্থিত সাউথ ইউরাল স্টেট ইউনিভার্সিটিতে উচ্চতর ডিগ্রির জন্য অধ্যায়নরত ছিলেন।

পরিবার সূত্রে জানা যায়, কুষ্টিয়া সরকারি কলেজ থেকে স্নাতক শেষ করার পর আনুমানিক আড়াই বছর আগে স্কলারশিপ নিয়ে রাশিয়া যান মেধাবী এই শিক্ষার্থী। কিন্তু গত ২১ জুন বিশ্ববিদ্যালয় ভবনের ছাদ থেকে রহস্যজনকভাবে নিচে পড়ে তাঁর মৃত্যু হয়।

ঘটনার প্রায় এক মাস ১২ দিন পর রাষ্ট্রীয় প্রক্রিয়ার পর অনিকের মরদেহ নিজ গ্রামে পৌঁছায়। অনিকের চাচা মুফতি আলী হোসেন ফারুকী জানান, অনিক ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী ও নম্র স্বভাবের ছিলেন। কীভাবে তাঁর ভাতিজা ভবন থেকে নিচে পড়ে মারা গেলেন, তা পরিবারের কাছে এখনো স্পষ্ট নয়।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন