পেট্রোবাংলার গ্যাস বিল পরিশোধে শীর্ষস্থান অর্জন করল তিতাস গ্যাস

পেট্রোবাংলার গ্যাস বিল পরিশোধে শীর্ষস্থান অর্জন করল তিতাস গ্যাস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: পেট্রোবাংলার পাওনা পরিশোধে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ গ্যাস বিতরণকারী ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসি। গত ১৫ জানুয়ারি, ২০২৬ তারিখে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা)’র বোর্ড রুমে আয়োজিত এক অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়। ২০২৫ পঞ্জিকাবর্ষে পেট্রোবাংলার আওতাধীন গ্যাস সরবরাহকারী, বিতরণকারী এবং কনডেনসেট বিতরণকারী কোম্পানিসমূহের মধ্যে পাওনা পরিশোধে অগ্রণী ভূমিকা পালনের জন্য এই বিশেষ সম্মাননার আয়োজন করা হয়। তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসি সর্বোচ্চ অর্থ পরিশোধ করে প্রথম ক্যাটাগরিতে এই গৌরবজনক স্থান দখল করে।

পেট্রোবাংলার পরিচালক (অর্থ) জনাব এ কে এম মিজানুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেট্রোবাংলার চেয়ারম্যান জনাব মো: রেজানুর রহমান। অনুষ্ঠানে তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালকের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি। এই সময় পেট্রোবাংলার অন্যান্য পরিচালকবৃন্দ, সংশ্লিষ্ট বিভিন্ন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এবং পেট্রোবাংলা ও এর আওতাধীন প্রতিষ্ঠানসমূহের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বক্তারা তিতাস গ্যাসের এই দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেন এবং আশা প্রকাশ করেন যে, অন্যান্য বিতরণকারী কোম্পানিগুলোও পেট্রোবাংলার পাওনা পরিশোধে আরও তৎপর হবে।

পেট্রোবাংলা কর্তৃপক্ষ জানায়, সরকারি এই সংস্থার আর্থিক প্রবাহ সচল রাখতে এবং জ্বালানি খাতের স্থিতিশীলতা বজায় রাখতে বিতরণকারী কোম্পানিগুলোর পাওনা পরিশোধ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিতাস গ্যাস নির্দিষ্ট সময়ের মধ্যে এবং সর্বোচ্চ পরিমাণ অর্থ পরিশোধ করে প্রতিষ্ঠানের পেশাদারিত্বের প্রমাণ দিয়েছে। অনুষ্ঠানে তিতাস গ্যাসের পক্ষ থেকে জানানো হয়, গ্রাহক সেবা নিশ্চিত করার পাশাপাশি রাষ্ট্রীয় পাওনা সময়মতো পরিশোধে তারা সর্বদা অঙ্গীকারবদ্ধ। এই সম্মাননা তিতাস গ্যাসের সামগ্রিক কার্যক্রমকে আরও গতিশীল ও অনুপ্রাণিত করবে বলে সভায় অভিমত ব্যক্ত করা হয়।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন