ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: রাষ্ট্রীয় মালিকানাধীন নবগঠিত ‘সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’-র পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন মোহাম্মদ আইয়ুব মিয়া। সোমবার (১৬ মার্চ) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব বরাবর তিনি তাঁর পদত্যাগপত্র জমা দেন। গত বছরের ৭ ডিসেম্বর ব্যাংকটির যাত্রা শুরুর সময় তাকে পরিচালনা পর্ষদের প্রথম চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। মোহাম্মদ আইয়ুব মিয়া সরকারের একজন সাবেক সচিব।
পদত্যাগপত্রে মোহাম্মদ আইয়ুব মিয়া তাঁর এই সিদ্ধান্তের পেছনে ব্যক্তিগত কারণের কথা উল্লেখ করেছেন। উল্লেখ্য, দেশের আর্থিক খাতে আলোচিত তারল্য-সংকটে থাকা পাঁচটি ব্যাংক—এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংককে একীভূত করে এই ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ গঠন করা হয়েছে। ব্যাংকটির অনুমোদিত মূলধন নির্ধারণ করা হয়েছে ৪০ হাজার কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৩৫ হাজার কোটি টাকা।
ব্যাংকটির আর্থিক কাঠামো অনুযায়ী, পরিশোধিত মূলধনের মধ্যে সরকার ২০ হাজার কোটি টাকা জোগান দিয়েছে এবং বাকি ১৫ হাজার কোটি টাকা আমানতকারীদের শেয়ারের মাধ্যমে সংগ্রহের সিদ্ধান্ত রয়েছে। সংকটাপন্ন ব্যাংকগুলোকে পুনর্গঠনের মাধ্যমে আমানতকারীদের সুরক্ষা দিতে এই বৃহৎ একীভূতকরণ প্রক্রিয়া হাতে নিয়েছিল সরকার। তবে ব্যাংকটির কার্যক্রম পূর্ণাঙ্গভাবে গুছিয়ে ওঠার আগেই প্রথম চেয়ারম্যানের এই পদত্যাগ ব্যাংকিং খাতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ