‘ইন্টারনেট চালু করবা না’, পলককে বলেছিলেন সালমান

প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৭:৩২ অপরাহ্ণ
‘ইন্টারনেট চালু করবা না’, পলককে বলেছিলেন সালমান
ফাইল ছবি

অনলাইন ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থান চলাকালে দেশজুড়ে ইন্টারনেট সেবা বন্ধ রাখতে তৎকালীন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে কঠোর নির্দেশ দিয়েছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই দুই নেতার মধ্যকার ১ মিনিট ৯ সেকেন্ডের একটি গোপন ফোনালাপের অডিও রেকর্ড প্রমাণ হিসেবে উপস্থাপন করেছে প্রসিকিউশন।

গত সোমবার (১৮ মে) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে মানবতাবিরোধী অপরাধের মামলার সাক্ষ্যগ্রহণকালে এই চাঞ্চল্যকর কল রেকর্ডটি বাজিয়ে শোনানো হয়। এই মামলায় সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হক অন্যতম প্রধান আসামি।

ফোনালাপে সালমান এফ রহমানকে স্পষ্ট ভাষায় পলককে বলতে শোনা যায়, “তুমি ইন্টারনেট রিস্টোর (চালু) করবা না এখন, কোনোভাবেই না।” জবাবে পলক সায় দিয়ে বলেন, “না।” এরপর পলক ছাত্রদের সহিংসতা থেকে আড়াল করে কোনো প্রতিক্রিয়া দেওয়ার কথা তুললে সালমান বলেন, তৎকালীন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত তা দিয়েছেন এবং টিভি চ্যানেলগুলোকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

সালমান এফ রহমান আরও বলেন, “টিভি চ্যানেলকে বলা হয়েছে, এদেরকে আন্দোলনকারী আর বলা যাবে না। এদেরকে এখন দুর্বৃত্ত বলতে হবে। কারণ, ছাত্ররা ওদের সঙ্গে নেই।” তিনি নিজেদের অবস্থান বদলের স্পষ্ট বার্তা দিয়ে বলেন, “সো স্টেপ চেঞ্জ, নো মোর আন্দোলনকারী।” গণঅভ্যুত্থানের সময় সংঘটিত এই রাষ্ট্রীয় অপরাধের অডিও কথোপকথনকে ট্রাইব্যুনালের প্রসিকিউশন একটি গুরুত্বপূর্ণ ও অকাট্য প্রমাণ হিসেবে দেখছে। এই মামলায় এখন পর্যন্ত ৯ জন প্রত্যক্ষদর্শী আদালতে সাক্ষ্য দিয়েছেন।

মন্তব্য করুন