হাইকোর্টে ৪ দিনে ২০ হাজারের বেশি পুরোনো মামলা নিষ্পত্তির রেকর্ড

প্রকাশ: বুধবার, ২৪ জুন ২০২৬, ০১:৪৭ অপরাহ্ণ
হাইকোর্টে ৪ দিনে ২০ হাজারের বেশি পুরোনো মামলা নিষ্পত্তির রেকর্ড
ছবি: বাসস

অনলাইন ডেস্ক: আদালতে মামলার জট হ্রাস ও বিচার ব্যবস্থার গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে গৃহীত বিশেষ পদক্ষেপের ফলে মাত্র চার কার্যদিবসে হাইকোর্টে ২০ হাজার ৭৪০টি পুরোনো মামলা নিষ্পত্তির দৃষ্টান্ত তৈরি হয়েছে।

সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানান, প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নির্দেশনা অনুসারে দীর্ঘদিনের পুরাতন মামলা নিষ্পত্তিকে অগ্রাধিকার দিয়ে গত ৭ মে থেকে প্রতি সপ্তাহের নির্দিষ্ট দিনে পুরাতন ক্রিমিনাল মিস ও পুরাতন রিট মামলা নিষ্পত্তির বিশেষ এ কার্যক্রম শুরু হয়।

সুপ্রিম কোর্টের দেওয়া তথ্য অনুযায়ী, এই বিশেষ কার্যক্রমের আওতায় চার কার্যদিবসে হাইকোর্টে মোট ১৫ হাজার ১৭২টি পুরাতন ক্রিমিনাল মিস মামলা এবং ৫ হাজার ৫৬৮টি পুরাতন রিট মামলা নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে গত ৭ মে ৫ হাজার ১২টি, ১৪ মে ৭ হাজার ১০৪টি, ১১ জুন ৬ হাজার ১৯৯টি এবং সর্বশেষ ১৮ জুন ২ হাজার ৪২৫টি পুরোনো মামলা নিষ্পত্তি করা হয়।

বিপুল সংখ্যক পুরোনো মামলা নিষ্পত্তির বিষয়ে সন্তোষ প্রকাশ করে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল বলেন, ‘হাইকোর্টে পুরোনো মামলা নিষ্পত্তির ক্ষেত্রে প্রধান বিচারপতির গৃহীত এই পদক্ষেপ প্রশংসনীয়। আমি আশা করি, এটি অব্যাহত থাকবে। মামলা জট নিরসনে আমরা অ্যাটর্নি জেনারেল অফিস সুপ্রিম কোর্টের সাথে নিবিড়ভাবে কাজ করতে চাই।’

তিনি আরও জানান, এরই মধ্যে মামলা জট নিরসনে প্রধান বিচারপতির কাছে কয়েকটি পরামর্শ দেওয়ার পাশাপাশি দ্রুত নিষ্পত্তির জন্য অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের পক্ষ থেকে ১ হাজার ৪০০ মামলার একটি তালিকা দেওয়া হয়েছে।

সূত্র: বাসস

মন্তব্য করুন