সাবেক এমপি আবুল হাসানাত আবদুল্লাহসহ চারজনের বিচার শুরু করল ট্রাইব্যুনাল
অনলাইন ডেস্ক: বরিশালের আগৈলঝাড়ায় ক্রসফায়ারে ছাত্রদল নেতাসহ দুজনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই ও সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহসহ চারজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (চার্জ) গঠন করা হয়েছে। এর মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই মামলার বিচার কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হলো।
আজ বুধবার (২০ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। একই সঙ্গে মামলার সূচনা বক্তব্য ও সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১৭ জুন পরবর্তী দিন ধার্য করেছেন আদালত। এই মামলায় উজিরপুর থানার সাবেক দুই এএসআই মো. মাহাবুল ইসলাম ও জসিম উদ্দিন গ্রেপ্তার থাকলেও মূল অভিযুক্ত আবুল হাসানাত আবদুল্লাহ এবং বরিশালের সাবেক পুলিশ সুপার (এসপি) একেএম এহসান উল্লাহ বর্তমানে পলাতক রয়েছেন।
প্রসিকিউশনের অভিযোগে বলা হয়েছে, নিহত আগৈলঝাড়া উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক টিপু হাওলাদার ও জাসাস নেতা কবির মোল্লা ছিলেন তৎকালীন প্রভাবশালী নেতা আবুল হাসানাত আবদুল্লাহর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী। রাজনৈতিক প্রতিহিংসা ও ক্ষমতার অপব্যবহার করে তাদের দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য তৎকালীন এসপি এহসান উল্লাহকে নির্দেশ দেন হাসানাত। এরপর মিথ্যা মামলায় ২০১৫ সালের ২০ ফেব্রুয়ারি দুজনকে গ্রেপ্তার করে উজিরপুর থানা পুলিশ। এরপর মাহাবুল ও জসিমকে দিয়ে গৌরনদী-গোপালগঞ্জ হাইওয়ের বাইপাস সড়কের পাশে ক্রসফায়ারের নাটক সাজিয়ে তাদের নির্মমভাবে হত্যা করা হয়।
|