বইমেলায় লিটলম্যাগ কর্নার রাখার আহ্বান ইসলামি লেখক ফোরামের
স্টাফ রিপোর্টার: বায়তুল মোকাররমে আয়োজিত ইসলামি বইমেলায় লিটলম্যাগ কর্নারের জন্য স্টল বরাদ্দ না দেওয়াকে কেন্দ্র করে লেখক, পাঠক ও লিটলম্যাগের সঙ্গে সংশ্লিষ্টদের মধ্যে আলোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এ বিষয়টি নিয়ে বাংলাদেশ ইসলামি লেখক ফোরামের পক্ষ থেকে মেলা কর্তৃপক্ষ ও লিটলম্যাগ আন্দোলনের দায়িত্বশীলদের সঙ্গে যোগাযোগ করে আলোচনা করা হয়েছে। বিশেষ করে রাহনুমা প্রকাশনীর প্রকাশক মাহমুদুল ইসলাম তুষার এবং সন্দীপন প্রকাশনীর রোকন উদ্দীনের সঙ্গে বিস্তারিত কথা হয়। আলোচনায় জানা যায়, গত বছর মেলায় প্রকাশক ও লিটলম্যাগ আন্দোলনের সংশ্লিষ্টদের মধ্যে কিছু বিষয়ে ভুল বোঝাবুঝি ও দূরত্ব তৈরি হয়েছিল। পরে তার সমাধান হলেও সেই রেশ এবং মেলায় অংশগ্রহণের নিয়ম-কানুন নিয়ে উভয় পক্ষের মাঝে কিছুটা অস্পষ্টতা থেকে গেছে।
মেলার দায়িত্বশীল মাহমুদুল ইসলাম তুষার জানিয়েছেন, সোমবার (৭ সেপ্টেম্বর) মেলা কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে তিনি বিষয়টি গুরুত্বের সঙ্গে উপস্থাপন করবেন এবং লিটলম্যাগ কর্নার রাখার সুযোগ তৈরিতে সর্বাত্মক চেষ্টা করবেন। অন্যদিকে, লিটলম্যাগ আন্দোলনের দায়িত্বশীলরা ইসলামিক ফাউন্ডেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা ও মহাপরিচালকের লিখিত সুপারিশ নিয়ে ইতিবাচক সমাধানের আশা প্রকাশ করেছেন।
বাংলাদেশ ইসলামি লেখক ফোরাম মনে করে, লিটলম্যাগ হলো নতুন লেখক, অনুবাদক ও সম্পাদক তৈরির মূল উর্বর ক্ষেত্র; তাই বইমেলায় লিটলম্যাগ কর্নার থাকা অত্যন্ত জরুরি। অনাকাঙ্ক্ষিত বিতর্ক ও পারস্পরিক সম্পর্কের অবনতি এড়িয়ে সৌহার্দ্য ও শৃঙ্খলার মাধ্যমে দ্রুত একটি সম্মানজনক সমাধানের জন্য সংশ্লিষ্ট সকল পক্ষের প্রতি জোর আহ্বান জানিয়েছে সংগঠনটি।
সংগঠনটি এক বিবৃতিতে জানায়, মেলার সংস্কৃতি, সৌন্দর্য এবং প্রকাশকদের স্বাভাবিক বই বিক্রিতে বিঘ্ন ঘটায় এমন কোনো পরিস্থিতি তৈরি করা যাবে না। নিজেদের ন্যায়সংগত দাবি ও প্রত্যাশা সৌহার্দ্য, শৃঙ্খলা ও পারস্পরিক সম্মান অক্ষুণ্ণ রেখেই উপস্থাপন করতে হবে।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, লেখক ও প্রকাশক একে অপরের পরিপূরক ও সারথি। তাই সাহিত্য ও প্রকাশনা শিল্পের বৃহত্তর স্বার্থে পারস্পরিক আস্থা ও সহযোগিতা বজায় রাখা সবার দায়িত্ব। সংশ্লিষ্ট সব পক্ষের আন্তরিক প্রচেষ্টায় দ্রুত সমাধান আসবে এবং মেলায় যথাযথ মর্যাদায় লিটলম্যাগ কর্নার বরাদ্দ দেওয়া হবে বলে প্রত্যাশা ব্যক্ত করে সংগঠনটি।
এআইএল/সকালবেলা