ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
বিনোদন প্রতিবেদক, ঢাকা: বাংলার ঐতিহ্যবাহী যাত্রাশিল্পের রূপান্তর ও বর্তমান সংকটের গল্প নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘কিং ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেস’ বিশ্বমঞ্চে পা রাখছে। নির্মাতা আসিফ ইসলামের এই সিনেমাটি ৪৮তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘আার্টকোর’ সেকশনে বিশ্ব প্রিমিয়ারের জন্য নির্বাচিত হয়েছে। আগামী ১৬ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এই উৎসবে বাংলাদেশ ছাড়াও রাশিয়া, ভারত, গ্রিস ও ভিয়েতনামের চলচ্চিত্র প্রদর্শিত হবে।
নির্মাতা আসিফ ইসলাম তাঁর ২০১৮ সালের এক বাস্তব অভিজ্ঞতার ওপর ভিত্তি করে সিনেমাটি নির্মাণ করেছেন। একসময়ের আবেগপূর্ণ যাত্রার মঞ্চ কীভাবে বর্তমানে কেবল প্রাপ্তবয়স্কদের নৃত্য-আসরে পরিণত হয়েছে, সেই করুণ বাস্তবতা এখানে ফুটিয়ে তোলা হয়েছে। গল্পের মূল উপজীব্য হলো—মঞ্চে নাটকের অভিনয়ের চেয়ে দর্শকদের আগ্রহ থাকে নর্তকীদের ঘিরে, যার ফলে মূল অভিনেতাদের অপমানে মঞ্চ ছাড়তে হয়। নির্মাতা মনে করেন, এটি আমাদের বর্তমান সমাজেরই বিনোদন রুচির এক প্রতিচ্ছবি।
সিনেমাটিতে কেন্দ্রীয় চরিত্র ‘প্রিন্সেস রোজি’ হিসেবে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। এ ছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মহাশঙ্কর অপেরা যাত্রাদলের শিল্পীরা। যাত্রাপালার হারানো গৌরব ও বর্তমান সময়ের অবক্ষয়ের এই চিত্র আন্তর্জাতিক দর্শকদের সামনে তুলে ধরার লক্ষ্যেই সিনেমাটি নির্মিত হয়েছে।
জান্নাত/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ