‘পলাতকদের রক্তমাখা অতীত কনফারেন্স করে মুছে ফেলা যায় না’
অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ন্যাশনাল প্রেসক্লাবে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগ ও ‘বঙ্গবন্ধু পরিষদ’-এর উদ্যোগে আয়োজিত অনলাইন ইভেন্টের কড়া প্রতিবাদ ও সমালোচনা করেছেন বিশিষ্ট সাংবাদিক ও রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, একটি ভাড়া করা ঘরে কনফারেন্স করলেই পলাতক স্বৈরাচারের বিগত ১৫ বছরের গুম, খুন ও রক্তমাখা অতীত মুছে ফেলা যায় না।
ফেসবুক পোস্টে মুশফিকুল ফজল আনসারী উল্লেখ করেন, ওয়াশিংটন ন্যাশনাল প্রেসক্লাবের এক সিনিয়র আমেরিকান সাংবাদিকের মাধ্যমে তিনি জানতে পারেন যে গতকাল প্রেসক্লাবের ১৩ তলার একটি ভাড়া করা কক্ষে শেখ হাসিনার অনলাইন অংশগ্রহণে তাঁর পুত্র জয়কে নিয়ে ‘বঙ্গবন্ধু পরিষদ’ একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল।
এই আয়োজনকে ঘিরে প্রতিক্রিয়া জানিয়ে আনসারী লেখেন, অতীতে যখনই মানবাধিকার ও গণতন্ত্র নিয়ে নিরপেক্ষ কোনো আলোচনা সভার আয়োজন করা হতো, তখনই তৎকালীন সরকারের নির্দেশে দলীয় ক্যাডার ও দূতাবাসের অতিউৎসাহী কর্মকর্তাদের দিয়ে তা পণ্ড করার চেষ্টা চালানো হতো। এমনকি উইলসন সেন্টারে অধ্যাপক আলী রীয়াজের একটি বই উন্মোচন অনুষ্ঠানেও তৎকালীন উপমিশনপ্রধানের নেতৃত্বে তাণ্ডব চালানো এবং বই চুরির মতো ন্যক্কারজনক ঘটনা ঘটেছিল বলে অভিযোগ করেন তিনি।
মুশফিকুল ফজল আনসারী স্পষ্ট ভাষায় বলেন, ওয়াশিংটনে প্রচুর টাকা ছিটালে হরেক রকমের লবিস্ট ফার্ম কিংবা হল ভাড়া পাওয়া অসম্ভব কিছু নয়। তবে মানুষের আস্থা, সুসম্পর্ক ও বিশ্বাসযোগ্যতা কখনো টাকা দিয়ে কেনা যায় না। তিলে তিলে অর্জন করা মানবাধিকার রক্ষার লড়াইকে এক বিকেলের ভাড়া করা ঘরের অনুষ্ঠানে ঢেকে দেওয়া যাবে না।
পোস্টের শেষভাগে তিনি শেখ হাসিনা ও তাঁর সহযোগীদের উদ্দেশ্য করে ফারসি বিখ্যাত প্রবাদ উদ্ধৃত করে লেখেন, “হনুজ দিল্লি দূর অস্ত” অর্থাৎ দিল্লি এখনো বহুদূর।
সকালবেলা / নুসরাত